ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দলীয় সাংসদ মতিউর রহমানের নামাজে জানাজা রোববার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার টাঙ্গাইলে তাকে সমাহিত করা হবে।
জাতীয় সংসদের ডেপুটি ম্পীকার শওকত আলী, চিফ হুইপ মো. আব্দুস শহীদ, মন্ত্রী পরিষদের সদস্য, হুইপ, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ অসংখ্য গুণগ্রাহী জানাজায় অংশ নেন।
হৃদরোগ বিশেষজ্ঞ মতিউর রহমানের বয়স হয়েছিল ৬৬ বছর। টাঙ্গাইলের ঘাটাইল আসন থেকে নির্বাচন করে এবারই প্রথম সাংসদ হয়েছিলেন এই আওয়ামী লীগ নেতা।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতির পক্ষ থেকে রাষ্ট্রপতির সামরিক সচিব, জাতীয় সংসদের পক্ষ থেকে ডেপুটি স্পিকার শওকত আলীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে তার আত্মার শান্তি কামনা করে তারা অংশ নেন মোনাজাতে।
কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মারা যান জাতীয় সংসদের টাঙ্গাইল-৩ আসনের এই সাংসদ।
এর আগে বুধবার মাদ্রাজের একটি হাসপাতালে দেহে অস্ত্রোপচার করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৮৩৫ ঘ.
bdnews24