ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ৪৩ হাজার টন নিম্নমানের ইউরিয়া সার খালাস করার বিষয়ে সিদ্ধান্ত নিতে সাত সদস্যের একটি নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে প্রতিবেদন দিতে এক মাস সময় দেয়া হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত ২২তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, সারের গুণগত মান পরীক্ষায় গঠিত শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।
সাংসদ কামাল মজুমদারকে প্রধান করে গঠিত এ কমিটির সদস্য হিসেবে থাকবেন- সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, আলী আজগর, বুয়েটের দুজন অধ্যাপক, মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং শিল্প ও বিজ্ঞান গবেষণাগারের একজন প্রতিনিধি।
বৈঠকে নিম্নমানের ৪৩ হাজার টন সার খালাসের চেষ্টা ও সার্বিক সার পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, আট মাস ধরে চট্টগ্রাম বন্দরে ২শ’ কোটি টাকা মূল্যের প্রায় ৪৩ হাজার টন সার পড়ে আছে। এগুলো নষ্ট হয়েছে উল্লেখ করে খালাস না করার জন্য স্থায়ী কমিটির পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি জানান, এই সারের দরপত্রের ক্ষেত্রে ‘কান্ট্রি অব অরিজিন’ এর বিধান মানা হয়নি। কথিত আছে, ভিয়েতনাম ওই সার গ্রহণ না করায় তা বাংলাদেশে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “এ সারের কিছু অংশ গুদামজাত করা হয়েছে। বাকিটা খোলা জায়গায় পড়ে রয়েছে। এর মধ্যে একটি বড় অংশ জমাট বেঁধে গেছে। এগুলো গুঁড়ো করে ব্যবহার করলে ৫০ শতাংশ ব্যবহার করা যাবে।”
সার সংকট এড়াতে কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েয়েছে কমিটি। বিশেষ করে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) যেকোনো মূল্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বলেছে কমিটি।
তোফায়েল জানান, দেশে যথেষ্ট পরিমাণে সারের মজুদ রয়েছে এবং বিদেশ থেকে আরো ৮ লাখ টন সার আসছে। “কৃষকের সারের কোনো অভাব হবে না। কিন্তু এজন্য উৎপাদন পুরো দমে চালিয়ে যেতে হবে,” বলেন তিনি।
বৈঠকে কামাল আহমেদ মজুমদার, মুহিবুর রহমান মানিক, মেরাজ উদ্দিন মোল্লা, সুলতানা বুলবুলসহ কমিটির সদস্যরা অংশ নেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়াও বিশেষ আমন্ত্রণে অংশ নেন বৈঠকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএএইচ/এএল/১৮২২ ঘ.
bdnews24