২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিমানের যাত্রীদের বিক্ষোভ

বাংলাদেশ বিমানের আবুধাবির একটি ফ্লাইটের সূচি পরিবর্তন করায় বিক্ষোভ করেছে যাত্রীরা। এসময় বিক্ষুব্ধরা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কাউন্টারে ভাঙচুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিমানের আবুধাবির একটি ফ্লাইটের সূচি পরিবর্তন করায় বিক্ষোভ করেছে যাত্রীরা। এসময় বিক্ষুব্ধরা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কাউন্টারে ভাঙচুর করেন। রোববার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিক্ষোভ করেন আবুধাবিগামী ওই ফ্লাইটের যাত্রীরা। বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের বিজি-০২৭ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। এর যাত্রী ছিল ২৩৯ জন। রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাতের বাংলাদেশ বিমানের আবুধাবিগামী ফ্লাইটের যাত্রী ছিলাম। এটি বাতিল করে রোববার বিকাল সাড়ে পাঁচটায় করা হয়। এজন্য আমরা প্রতিবাদ জানিয়েছি।” এসময় আনসার সদস্য দিয়ে তাদের তাড়িয়ে দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ইমিগ্রেশন) রবিউল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ৫টার ফ্লাইটের সূচি হঠাৎ করে পরিবর্তন হওয়ায় বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা বিক্ষোভ করেন। এ প্রসঙ্গে বিমান বাংলাদেশের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক দিলীপ কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সূচি পরিবর্তন হওয়ায় বিজি-০২৭ ফ্লাইটটির পরিবর্তে সোমবার সন্ধ্যায় বিজি-৭৩৭ যাবে। তিনি জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টায় আবুধাবিতে আরেকটি ফ্লাইট থাকলেও তাতে সবার আসন হবে না বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার শিডিউল পরিবর্তনের কারণে জেদ্দাগামী বাংলাদেশ বিমানের যাত্রীরা নগরীর ষোলশহরে অবস্থিত বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা কার্যালয়ে বিক্ষোভ করে এবং কার্যালয়ের সামনের দরজার কাঁচ ও আসবাব ভাঙচুর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭৪৬ ঘ.