ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক নেতারা মনে করেন, দায়িত্ব নেওয়ার পর নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হওয়া উচিত সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনী গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা।
রোববার সকাল সোয়া ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ের সামনে সমাবেশ করে এ দাবি জানায় তারা।
এছাড়া সাংবাদিক দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে লন্ডনে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের দেওয়া বক্তব্যের প্রতিবাদে তাকে গ্রেপ্তারের দাবি জানায় সংগঠনগুলো।
সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রথম ‘এসাইনমেন্ট’ হওয়া উচিৎ সাগর-রুনির হত্যাকারীকে ধরা।
“সাগর রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করে, খুনিদেরকে বিচারের আওতায় আনাই স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ বলে মনে করি আমরা।”
‘মিডিয়ার সঙ্গে মিডিয়ার’ লড়াই বাধিয়ে কারা ফায়দা লুটতে চায় তাদেরকে খুঁজে বের করতে দুই মন্ত্রীর (স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী) প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের পাশাপাশি পুরনো কয়েকজন মন্ত্রীর দপ্তরে রদবদল আনা হয়। এতে সাহারা খাতুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নতুন মন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর।
বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী বলেন, সাংবাদিকরা আন্দোলন করছে গণতন্ত্র সুরক্ষার জন্য। গণতন্ত্র সুরক্ষা হলে মত প্রকাশের স্বাধীনতা আসবে, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা পাবে এবং নিরাপদ সাংবাদিকতা হবে।
এ আন্দোলনে গুটিকয়েক মানুষ বিশ্বাসঘাতকতা করেছে মন্তব্য করে তিনি বলেন, “কিছু মানুষের মধ্যে একজন হলেন মাহফুজুর রহমান।”
তাকে ‘মিডিয়ার শত্র“’ আখ্যায়িত করে ইকবাল সোবাহান বলেন, “লম্পট, বাচাল ও খুনি মাহফুজুর রহমানকে এটিএন বাংলা ও এটিএন নিউজকে থেকে টেনে বের করে, এই দুই মিডিয়া জনগণের মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা করা হবে।”
সাংবাদিক আন্দোলনের সঙ্গে প্রতারণা করে যারা এটিএন বাংলা ও এটিএন নিউজে আন্দোলনের বিরুদ্ধে অনুষ্ঠান ও টকশো করেছেন তাদের সমালোচনা করে বিএফইউজের সভাপতি বলেন, “২৬ তারিখের মহাসমাবেশে তাদের বিরুদ্ধেও কর্মসূচি ঘোষণা করা হবে।”
সাগার-রুনির খুনী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই সাংবাদিক নেতা।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ বলেন, “সাগর-রুনির খুনি সম্ভবত কারওয়ান বাজারে রয়েছে। তবে খুনি কে আমরা জানি না। কিন্তু খুনিদের আলাপ আমরা শুনেছি। খুনিরা বলছে, সাগর-রুনি পরকীয়ার বলি, তাদের বাসায় মদের আড্ডা বসে।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা বলেন, “মাহফুজুর রহমান আপনি যে বিতর্ক সৃষ্টি করিয়েছেন, সে বিতর্কের অবসান আপনাকেই করতে হবে।”
সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক বাকের হোসাইন এবং অপর অংশের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।
সকাল সোয়া ১১টায় সমাবেশ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।
২৫ সেপ্টেম্বরের মধ্যে সাগর-রুনির খুনিকে গ্রেপ্তারের সময় বেধে দিয়ে সাংবাদিক নেতারা বলেন, তা না হলে ২৬ সেপ্টেম্বর প্রেসক্লাবের সামনে ডাকা মহাসাবেশ থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
ওই হত্যাকাণ্ডের তদন্ত চলাকালে লন্ডনে এক অনুষ্ঠানে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে সাংবাদিক সংগঠনগুলোর ক্ষোভের মুখে পড়েন মাহফুজুর।
সাংবাদিকদের ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে একটি কর্মসূচিতে মাহফুজুরকে গ্রেপ্তারের দাবি তোলা হলে তা নিয়ে এটিএন বাংলার কয়েকজন সাংবাদিকের সঙ্গে সাংবাদিক নেতাদের ধস্তাধস্তিও হয়।
এর জের ধরে সাংবাদিক সংগঠনগুলো এটিএন বাংলার কয়েকজনকে বহিষ্কার করে। এর কয়েক মাস পর গত সোমবার আদালতে মামলা করেন মাহফুজ।
এরপর ১১ সেপ্টেম্বর এক সমাবেশে সাংবাদিকদের সংগঠনগুলো ওই মামলা প্রত্যাহার করে নিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানায় মাহফুজুরের প্রতি। এটিএন বাংলা কার্যালয় অবরোধেরও ঘোষণা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬৩৫ ঘ.
bdnews24