ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ব্যক্তিগত জীবন নিয়ে লন্ডনে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের দেওয়া বক্তব্যের প্রতিবাদে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সাংবাদিকদের সংগঠনগুলো।
পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার বেলা সোয়া ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ের সামনে সমাবেশ করে এ দাবি জানায় তারা।
মাহফুজুরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ‘প্রকৃত হত্যাকারীদের’ বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে সংগঠনগুলো।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বলেন, “হত্যাকারী পৃষ্ঠপোষকদের বাঁচানোর জন্য একটি মহল অপচেষ্টায় লিপ্ত।”
‘ব্যর্থ’ সাহারা খাতুনকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
এই হত্যাকাণ্ডের তদন্ত চলাকালে লন্ডনে এক অনুষ্ঠানে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে আন্দোলনরত সাংবাদিক সংগঠনগুলোর ক্ষোভের মুখে পড়েন মাহফুজুর।
সাংবাদিকদের ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে একটি কর্মসূচিতে মাহফুজুরকে গ্রেপ্তারের দাবি তোলা হলে তা নিয়ে এটিএন বাংলার কয়েকজন সাংবাদিকের সঙ্গে সাংবাদিক নেতাদের ধস্তাধস্তিও হয়।
এর জের ধরে সাংবাদিক সংগঠনগুলো এটিএন বাংলার কয়েকজনকে বহিষ্কার করে। ওই ঘটনার কয়েকমাস পর গত সোমবার আদালতে মামলা করেন মাহফুজ।
এরপর ১১ সেপ্টেম্বর এক সমাবেশে সাংবাদিকদের সংগঠনগুলো ওই মামলা প্রত্যাহার করে নিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানায় মাহফুজুরের প্রতি। এটিএন বাংলা কার্যালয় অবরোধেরও ঘোষণা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১২৩০ ঘ.
bdnews24