গাজীপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘বঙ্গতাজের’ ঋণ শোধ করতে তার মেয়ে সিমিন হোসেন রিমিকে মনোনয়ন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ উপদেষ্টাম-লীর সদস্য তোফায়েল আহমেদ।
শনিবার তিনি গাজীপুরের কাপাসিয়ায় বলেন, সিমিন হোসেন রিমি মনোনয়ন চাননি। বঙ্গতাজের ঋণ শোধ করার জন্য তাকে মনোনয়ন দেয়া হয়েছে। বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানী করেননি।
তোফায়েল বলেন, দলীয় মনোনয়ন দেওয়ার আগে আফসার উদ্দিন আহমেদ খানসহ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১২ জন কথা দিয়েছিলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হবেন না।
“সবাই কথা রাখলেও আফসার উদ্দিন রাখেননি।”
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, রক্তের সম্পর্কই বড় নয়, আদর্শের সম্পর্কই বড় সম্পর্ক। জোহরা তাজ উদ্দিন উপ-নির্বাচনে আফসার উদ্দিনকে মনোনয়ন দিতে বলেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নিজে তাজউদ্দীন কন্যা রিমিকে মনোনয়ন দিয়েছেন।
“জাতীয় পার্টি এখানে প্রার্থী দিতে চেয়েছিল। কিন্তু আমি বঙ্গতাজের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থী না দিতে এরশাদ সাহেবকে অনুরোধ করি। তিনি তাজউদ্দীনের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থী দেননি। কিন্তু আফসার উদ্দিন তার ভাইয়ের সম্মান রাখেননি।
“অথচ আওয়ামী লীগ তাকে এমপি-মন্ত্রী বানিয়েছিল।”
রিমিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য তোফায়েল আহমেদ সবার প্রতি আহবান জানান।
বিকালে তোফয়েল আহমেদ কাপাসিয়ার টোক রনেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
টোক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ আকম মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান, সাংসদ মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোমতাজ উদ্দিন মেহেদী প্রমুখ।
তোফায়েল আরো বলেন, আফসার উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন আর আওয়ামী লীগের কেউ নন। তিনি আওয়ামী লীগের পরিচয় দিলে ব্যবস্থা নিতে দলের প্রতি আহবান জানান তোফায়েল।
আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমি এতদিন কাপাসিয়ায় নিজ উদ্যাগে সমাজসেবামূলক কাজে ও আমার মতো করে চলেছি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন। সে জন্য তাকে ধ্যন্যবাদ জানাচ্ছি।”
তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দেয়ার আহবান জানান।
রিমি শনিবার গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে প্রথম নির্বাচনী জনসভার মাধ্যমে তার প্রচার কাজ শুরু করেছেন।
এদিকে রিমির চাচা স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমেদ খান ভাকোয়াদী, নলগাঁও, চাঁদপুর বাজার, তিলশুনিয়া, কাপাসিয়া বাজার, বাদল গাঘুটিয়া, বারিষাব এলাকায় দিনভর গণসংযোগ করেছেন।
তিনি তার নির্বাচনী কাজে বাধা প্রদান, নির্বাচনী অফিস দখলের অভিযোগ এনে শনিবার রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আসাদুল্লাহ বাদল বারিষাব ও ঘাগুটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ও প্রচারণায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২৩০ ঘ.
bdnews24