ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলাম ও হযরত মোহাম্মদকে (স.) অবমাননা করে নির্মিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ মুক্তি দেয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, “ভিডিওটি (চলচ্চিত্রটি) শুধু আক্রমণাত্মকই নয়, মিথ্যা বটে। মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন তুলে কেউ কেউ এ ধরনের আক্রমণাত্মক বিষয়বস্তুর পক্ষ নেয়ার চেষ্টা করছে বলে ঢাকা উদ্বিগ্ন।
“মতপ্রকাশের স্বাধীনতার নামে ঘৃণা উসকে দেয়া কখনোই সঠিক হতে পারে না। মুসলমানদের ধর্মীয় বোধ বা এ বিষয়ে কোনো বিশ্বাসের প্রতি এ ধরনের অসম্মান সভ্য আচরণের প্রকাশ ঘটায় না। তা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়।”
২০১২ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘ইনোসেন্স অব মুসলিম’ ছবিটির পরিচালক কথিত স্যাম বাসিল বা অ্যালান রবার্টস।
চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। লিবিয়া ও মিশরে ইসলামপন্থীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায়। রকেট হামলায় নিহত হন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার জন।
বাংলাদেশেও কয়েকটি ইসলামী সংগঠন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এএল/২১৫১ ঘ.
bdnews24