ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছে ফরমালিন শনাক্তকরণে আগামী দুই বছরের মধ্যে সব উপজেলায় কিটবক্স সরবরাহ করবে সরকার।
শনিবার এক মতবিনিময় সভায় একথা জানান মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ।
তিনি বলেন, বর্তমানে দেশের ৮০ উপজেলায় মাছে ফরমালিন শনাক্ত করার কিটবক্স দেওয়া হয়েছে। সরকারি তৎপরতার কারণে মাছে ফরমালিনের ব্যবহার আগের চেয়ে অনেক কমেছে বরেও দাবি করেন এই কর্মকর্তা।
মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘মাছ সংরক্ষণে ফরমালিনের অপব্যবহার রোধ এবং নিষিদ্ধ পিরানহা মাছ চাষ বন্ধে’ করণীয় নির্ধারণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মহাপরিচালক আরো বলেন, মাছে ক্ষতিকর ফরমালিন ব্যবহার রোধে এর ব্যবহারের ক্ষেত্র নির্দিষ্ট করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এককভাবে মৎস্য অধিদপ্তরের পক্ষে মাছে ফরমালিন মেশানো বন্ধ করা সম্ভব নয়। শুধু পুলিশ দিয়েও এটা বন্ধ করা যাবে না। এজন্য সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে বলে তিনি মনে করেন।
“ফরমালিন বিক্রি নিয়ন্ত্রণের দায়িত্ব ঔষধ প্রশাসন অধিদপ্তরের। এর বিক্রি নিয়ন্ত্রণে তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। এছাড়া ঢাকার বিভিন্ন বাজার তদারকি কার্যক্রম জোরদার করে এসব বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণার উদ্যোগ নেওয়া হবে।”
‘মাছ সংরক্ষণে ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণ ও গণসচেতনতা সৃষ্টি’ প্রকল্পের প্রকল্প পরিচালক জিএম শামসুল কবির তার উপস্থাপনায় বলেন, ফরমালিন মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। ক্যান্সার সৃষ্টিতে উদ্দীপক এজেন্ট হিসেবেও কাজ করে ফরমালিন।
তিনি জানান, এ প্রকল্পের আওতায় এরইমধ্যে সারা দেশে ৮৭৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
নিষিদ্ধ পিরানহা মাছের চাষ এবং বাজারে বিক্রির বিষয়ে সৈয়দ আরিফ আজাদ বলেন, সরকারিভাবে নিষিদ্ধ থাকলেও এ ক্ষতিকর মাছটির চাষ ও বিক্রি চলছেই। এর বিক্রি বন্ধে এ পর্যন্ত দুই হাজার ৩২৭টি বাজার পরিদর্শন করা হয়েছে। এতে মোট ৮৬টি মামলা করে ৮৩ হাজার ৭২০ টাকা জরিমানা আদায় করা হয়।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে পিরানহা মাছ আসছে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশীয় জলাশয়ের জন্য হুমকিস্বরূপ রাক্ষুসে প্রজাতির এই মাছ চাষের উৎস চিহ্নিত করে তা বন্ধ করা দরকার। এজন্য অধিদপ্তরের কর্মকর্তারা কাজ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/১৯২৯ ঘ.
bdnews24