ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ও বিভিন্ন জেলা থেকে জাল পাসপোর্টসহ আটজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
তারা হলেন- মো. শফিকুল ইসলাম (৩৫), কারিমা সুলতানা রিয়া (৩২), রুনা আক্তার (২৭), মো. আশিকুর রহমান বাবু (২৪), মো. আনোয়ার হোসেন (৩২), মো. নুরুল ইসলাম (৪০), মোদাচ্ছের হোসেন খোকন (২৮) ও মো. আকবর আলী বিশ্বাস (৩০)।
রোববার সকাল সাড়ে ১০টায় মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে আটজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. নুরুন্নবী জানান, গত সোমবার রাজধানীর রূপনগর থানা এলাকার ১৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে শফিকুল, কারিমা, রুনা ও বাবুকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্যদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছে ভুয়া সিল ও ১৪০টি জাল পাসপোর্ট পাওয়া যায় জানিয়ে নুরুন্নবী বলেন, “এ চক্রটি দীর্ঘ দিন ধরে পাসপোর্ট টেম্পারিংয়ের মাধ্যমে নবায়ন, একজনের পাসপোর্টে অন্যের ছবি লাগানো এবং ভুল সংশোধন করে আসছিল।”
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭২৯ ঘ.
bdnews24