বান্দরবান, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের রুমা উপজেলায় সরকারি একটি স্কুলে শিক্ষকদের শূন্যপদে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে।
রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে শনিবার সকাল থেকে এই কর্মসূচি শুরু করে উপজেলা শিক্ষা বাস্তবায়ন উন্নয়ন কমিটি।
এর ফলে উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক ও নৌপথে চলাচল বন্ধ রয়েছে।
শূন্য পদগুলোতে নিয়োগ দেয়া না পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা বাস্তবায়ন উন্নয়ন কমিটির সভাপতি লু প্রু মারমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে রুমা উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষকদের শূন্যপদগুলোতে নিয়োগ দেয়ার দাবি জানিয়ে আসছেন।
রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজ সাংবাদিকদের জানান, স্কুলটিতে বর্তমানে সাড়ে চারশ শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য ১১ জন শিক্ষকের পদ থাকলেও তিনিসহ দুই জন মাত্র শিক্ষক রয়েছে।
লু প্রু মারমা বলেন, শিক্ষক নিয়োগের জন্য প্রধানমন্ত্রী বরাবরও লিখিত আবেদন জানিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
দাবি পূরণের গত বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেয় কমিটি। এরপরও তা পূরণ না হওয়ায় অবরোধ কর্মসূচি শুরু হয় বলে জানান লু প্রু মারমা।
রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা জানান, আন্দোলনকারীরা সকাল থেকে অবরোধ কর্মসূচির সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করছে।
এদিকে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে অনশন ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।
বান্দরবান জেলা শিক্ষক সমিতির উদ্যোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মসূচিতে জেলার শিক্ষক নেতৃবৃন্দছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24