খাগড়াছড়ি, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীঘিনালার দুর্গম নারাইছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি হয়েছে।
পাহাড়িদের দুই সংগঠন জনসংহতি সমিতি ও ইউপিডিএফ এতে জড়িত বলে স্থানীয়রা দাবি করেছে।
শনিবার সকালে রূপধন কার্বারিপাড়া এলাকায় এই গোলাগুলি হয় বলে বিজিবি ও স্থানীয়রা জানিয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিজিবি’র পানছড়ির ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজিবির পোস্টের চার কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। সেখানে বিজিবি অভিযান চালাচ্ছে।
স্থানীয়রা জানায়, সকাল পৌনে ১১টা থেকে ১১টা পর্যন্ত গুলির শব্দ পাওয়া গেছে।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি এবং প্রসিত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফের মধ্যে এই গোলাগুলি হয়েছে।
তবে জনসংহতি সমিতির সহ প্রচার ও তথ্য সম্পাদক সজীব চাকমা এবং ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা শাখার প্রধান নিরণ চাকমা এতে সম্পৃক্ত থাকার কথা প্রত্যাখ্যান করেছেন।
এক যুগের বেশি সময় আগে জনসংহতি সমিতি সরকারের সঙ্গে শান্তিচুক্তি করলে তার বিরোধিতা করে গড়ে ওঠে ইউপিডিএফ। তারপর এই দুটি সংগঠনের দ্বন্দ্বে পাহাড়ে অনেক রক্ত ঝরেছে।
ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) সংগঠনটি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24