২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের খোঁজ নিতে কাউখালিতে বাম নেতারা

ঝালকাঠির কলেজ ছাত্র লিমন হোসেন ও তার পরিবারের খোঁজখবর নিতে পিরাজপুরের কাউখালীতে গিয়েছেন কয়েকটি বাম সংগঠনের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঝালকাঠী, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির কলেজ ছাত্র লিমন হোসেন ও তার পরিবারের খোঁজখবর নিতে পিরাজপুরের কাউখালীতে গিয়েছেন কয়েকটি বাম সংগঠনের নেতারা। শুক্রবার দুপুরে উপজেলা শহরের ভাড়া বাড়িতে লিমন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্যসহ কয়েকটি সংগঠনের নেতারা। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন এ সময় লিমনের সঙ্গে ঢাকা থেকে ফোনে কথা বলেন। লিমন উপস্থিত সাংবাদিকদের জানান, “ওয়ার্কার্স পার্টির সভাপতি আগের মতোই তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।” লিমন ও তার পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘রাষ্ট্র যন্ত্রের একটি অংশ’ লিমনকে পঙ্গু করেছে। আর এতে লিমন নয়, রাষ্ট্র নিজেই পঙ্গু হয়েছে। এটি একটি ‘মানবতাবিরোধী অপরাধ’। “লিমনের ঘটনাটি নির্ভরযোগ্য পর্যায় থেকে জানার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাই”, যোগ করেন পঙ্কজ। গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম এ সবুর, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, গণঐক্যের দপ্তর সম্পাদক আব্দুল মোনায়েম নেহেরু এবং ওয়াকার্স পার্টির পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক নিমাই মণ্ডল ছাড়াও পিরোজপুর ও ঝালকাঠীর সাংবাদিকরা লিমনের সঙ্গে দেখা করতে যান। এ সময় লিমনের মা হেনোয়ারা বেগম, তার মামাসহ পরিবারের কয়েক সদস্য উপস্থিত ছিলেন। ২০১১ সালের ২৩ মার্চ র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারান ঝালকাঠির কলেজছাত্র রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের লিমন হোসেন। ওই ঘটনায় তিনটি মামলা হয়। লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব। আর র‌্যাবের বিরুদ্ধে একটি মামলা করেন লিমনের মা হেনোয়ারা বেগম। লিমনের মায়ের করা মামলায় র‌্যাবকে ‘নির্দোষ’ দেখিয়ে গত ১৪ অগাস্ট চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। আর র‌্যাবের দু’টি মামলায় লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। গত ঈদের দিন বিকালে ঝালকাঠির রাজাপুরে লিমন ও তার মা হেনোয়ারা বেগমের ওপর র‌্যাবের সোর্স হিসাবে পরিচিত মো. ইব্রাহিম হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পরদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন হেনোয়ারা। হামলার কিছুক্ষণ পরেই ঘটনাস্থল থেকে পৌণে এক কিলোমিটার দূরে থেকে ইব্রাহিমের শ্যালক ফোরকানের (৩৬) লাশ পাওয়া যায়। এ নিয়ে ইব্রাহিমের স্ত্রী থানায় হত্যা মামলা দায়ের করতে গেলেও পুলিশ তা অপমৃত্যু মামলা হিসাবে গ্রহণ করে। পরে আদালতে হত্যা মামলা গেলে বিচারক তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়। গত ৩০ অগাস্ট আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি হামিদা হোসেন, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক রেহনুমা আহমেদ, নিজেরা করির সমন্বয়কারী খুশি কবীরসহ মানবাধিকার কর্মীরা ঝালকাঠিতে গিয়ে লিমনের সঙ্গে দেখা করে আইনি সহায়তা দেওয়ার কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮২৩ ঘ.