চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।
তারা বলছেন, জাতীয় স্বার্থে কিছু সময়ের জন্য শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা মেনে নিলেও বৈষম্য অব্যাহত থাকলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন।
শুক্রবার সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে ‘চট্টগ্রাম স্টিল রি-রোলিং মিলসহ সংশ্লিষ্ট শিল্পসমূহে সা¤প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা নিরসন’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তরা এ হুমকি দেন।
ইন্দো স্টিল রি-রোলিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলমাস শিমুল সভায় বলেন, ঢাকার স্টিল মিলগুলো ২৪ ঘণ্টা চালু থাকে। কিন্তু গ্যাস সরবরাহ না থাকায় চট্টগ্রামে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্টিল কারখানাগুলো বন্ধ থাকছে।
“চট্টগ্রামের ব্যবসায়ীদের জন্য এটি বড় বাধা। শুধু চট্টগ্রামের শিল্প কারখানার ওপর বিষয়টি চাপিয়ে দিলে দেশের অন্য অঞ্চলের তুলনায় এখানকার ব্যবসায়ীরা পিছিয়ে পড়বে। এই অত্যাচার মেনে নেয়া যায় না।”
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওনার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি আমজাদ হোসেন চৌধুরী বলেন, “সারা দেশে ৬০০ সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আছে ৫১টি। এসব স্টেশনে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ করা হয়। কিন্তু সারা দেশের সাড়ে ৫০০ সিএনজি স্টেশনে ২৪ ঘণ্টাই গ্যাস সরবরাহ করা হচ্ছে।”
চট্টগ্রাম বৈষম্যের শিকার হচ্ছে- এমন অভিযোগ করে তিনি বলেন, এতে চট্টগ্রামে পরিবহন খাতে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালন প্রকৌশলী জামিল আহমেদ আলীম বলেন, দেশে গ্যাসের সংকট রয়েছে। নোয়াখালীর সুন্দলপুর ও খাগড়াছড়ির সেমুতাং গ্যাসক্ষেত্র থেকে প্রত্যাশা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে সরকার কৃষি খাতকে গুরুত্ব দিয়ে সিইউএফএল ছাড়া দেশের সব সার কারখানা চালু করায় সেগুলোতে গ্যাস সরবরাহ করতে হচ্ছে বলে জানান তিনি।
তবে সমন্বয়ের মাধ্যমেই শিল্প কারখানায় গ্যাস ও বিদুৎ সরবরাহ দেয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
জামিল আহমেদ বলেন, “চট্টগ্রামে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ দিতে সরকার কাজ করে যাচ্ছে।”
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী উদয় শংকর বলেন, বর্তমানে দেশে উৎপাদিত বিদ্যুতের ১১ থেকে সাড়ে ১১ শতাংশ চট্টগ্রামে সরবরাহ করা হচ্ছে। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় চট্টগ্রামের শিল্প কারখানাগুলোতে পর্যাপ্ত বিদ্যুৎ দেয়া যাচ্ছে না।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মোরাদ ইব্রাহিমের পরিচালনায় এ মতবিনিময় সভায় চেম্বারের সাবেক সভাপতি মির্জা আবু মনসুর, পরিচালক মাজহার হক শাহসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/জেকে/১৭০৬ ঘ.
bdnews24