২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চুক্তি না হলেও তিস্তার পানি ঠিকঠাক আসছে’

ভারতের সঙ্গে তিস্তা চুক্তি না হলেও বাংলাদেশ ভাগের পানি ঠিক ঠিক পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 10:28 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে তিস্তা চুক্তি না হলেও বাংলাদেশ ভাগের পানি ঠিক ঠিক পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। শুক্রবার রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, “চুক্তি না হলেও আমাদের শেয়ারের পানির কিন্তু কমতি হয়নি। আমাদের শেয়ারের পানি কিন্তু ঠিকই আসছে।” এক বছর আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে বিষয়টি আটকে যায়। “হ্যাঁ এটা ঠিক, তিস্তা চুক্তি এখনো হয়নি। তবে এটা হবে। কবে হবে সেটা বলতে পারছি না। কিন্তু শিগরিই হবে”, বলেন গওহর রিজভী। ভারত সরকারও এ ব্যাপারে ‘আন্তরিক’- এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, “ভারতের কেন্দ্রীয় সরকার আপ্রাণ চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকারকে এ ব্যাপারে রাজি করাতে।” দেশের অর্থনৈতিক উন্নয়নে উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন মন্তব্য করে রিজভী বলেন, “আমাদের সবচেয়ে বড় অ্যাসেট আমাদের লোকেশন। আমাদের কানেকটিভিটি যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়াতে আমরা হবো হাব (বাণিজ্য কেন্দ্র)।” এজন্য মংলা এবং চট্টগ্রাম বন্দরের সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন চলছে বলে তিনি জানান। গওহর রিজভী বলেন, “এক্ষেত্রে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি এড়িয়ে আমরা যদি উপ-আঞ্চলিক সহযোগিতার বিষয়টি জোরদার করতে পারি, তাহলে আমরা সবাই লাভবান হব।” সরকারের বিগত তিন বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিশ্ব শান্তি ও মানবাধিকার আন্দোলন বাংলাদেশ’ এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে ‘সম্প্রীতি ও সমৃদ্ধির স্বার্থে আঞ্চলিক ঐক্য’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএএইচ/জেকে/১৬২২ ঘ.