হবিগঞ্জ, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শুক্রবার অন্তত ৪০ জন আহত হয়েছেন।
সকালে উপজেলার পশ্চিম পুকড়া গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী সাংবাদিকদের জানান, পশ্চিম পুকড়া গ্রামের মুশাহিদ মিয়ার সঙ্গে একটি জমি নিয়ে প্রতিবেশী ফারুক মিয়ার বিরোধ চলছিল। এরই জের ধরেই সকাল সাড়ে ১০টায় দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকার মুরুব্বিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান ওসি।
তিনি আরো জানান, আহত জনাব আলী (৪৫), শফিক (২২), শিপন (২০), খোকন (১৪), খসরু মিয়া (৬৫), মুহিত মিয়া (৩০), রমজান আলী (২০), কাজল মিয়া (৪০), সাহাব উদ্দিন (৪০), মুহিন মিয়া (৩৫), নুরুল আমিন (৪০), ফারুক মিয়া (৩০) ও ইউসুফ আলীসহ ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৬২০ ঘ.
bdnews24