কক্সবাজার, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে দুই কিশোর।
নিখোঁজ মোস্তফা (১৩) পাহাড়তলির কালা মিয়া হাজী ও আরমান (১৩) একই এলাকার আবদুল হকের ছেলে।
তারা ছয় বন্ধু মিলে শুক্রবার কক্সবাজার শহরের পাহাড়তলি এলাকার লাবণী পয়েন্টে গোসল সাগরে নেমে অনেক দূর চলে গেলে লাইফ গার্ডের সদস্যরা চার জনকে উদ্ধার করতে সক্ষম হয়।
কক্সবাজার সৈকতের ‘রবি’ লাইফ গার্ডের পরিচালক সৈয়দ নূর বিকাল সাড়ে ৩তিনটার দিকে সাংবাদিকদের জানান, ওই ছয়জন দুপুর ১টার দিকে ভাড়া করা ছয়টি টিউব নিয়ে গোসল করতে নামে। তারা অনেক দূরে চলে যাচ্ছে বুঝতে পেরে লাইফ গার্ড কর্মীরা এগিয়ে গিয়ে চার কিশোরকে উদ্ধার করে।
“চারজন ডাঙায় আসার পর জানায়, তাদের সঙ্গে আরও দুই বন্ধু ছিল। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।”
এরপর লাইফ গার্ড সদস্যরা আবারো সাগরে নেমে দুটি টিউব উদ্ধার করে বলে জানান সৈয়দ নূর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬০৫ ঘ.
bdnews24