২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রকে কুপিয়ে জখম করল ‘নেশাখোর’

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে এক ‘নেশাখোর’ যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 08:41 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর জেলার শিবচর উপজেলায় এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে এক ‘নেশাখোর’ যুবক। শুক্রবার সকালে উমেদপুর গ্রামের একটি আখক্ষেত থেকে স্কুলছাত্র তুহিন মোল্লাকে (৮) উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র তুহিন উমেদপুর গ্রামের কামাল মোল্লার ছেলে। বৃহস্পতিবার বিকাল থেকেই সে নিখোঁজ ছিল বলেম পরিবারের সদস্যরা জানিয়েছে। শিবচর থানার ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, তুহিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। সন্ধ্যায় তার খোঁজে এলাকায় মাইকিং করা হয়। শুক্রবার সকালে লোকজন আখ ক্ষেতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার জ্ঞান ফিরে আসে। “ছেলেটির গলা-থুতনি ও পেটে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার বাম হাতের কব্জির রগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে”, বলেন ওসি। তুহিন হাসপাতালে স্থানীয় সাংবাদিকদের জানান, হারুন আকন নামের এক ভ্যানচালক তাকে আখ ক্ষেতে নিয়ে এই হাল করেছে। তুহিনের বাবা কামাল মোল্লা সাংবাদিকদের বলেন, হারুন স্থানীয় নেশাখোর এক বখাটে যুবক। কেন তার ছেলেকে এভাবে আহত করা হলো, তা বলতে পারেননি তুহিনের বাবা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৪৩৫ ঘ.