২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত; পরিবারের দাবি, হত্যা

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে ইকবাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

সাভার, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে ইকবাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। তবে নিহতের পরিবার দাবি করেছে, ইকবালকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। র‌্যাবের বক্তব্য অনুযায়ী, বুধবার রাতে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় বন্দুকযুদ্ধে মারা যান ইকবাল। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। বড় আশুলিয়া এলাকার বাসিন্দা ইকবাল সাভারের পরিবহন নেতা এবাদুল্লাহর ছেলে। তিনি যুবলীগে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানায়। ইকবালের মামা আব্দুল গাফফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার রাত আনুমানিক ৮টার দিকে এক ব্যক্তি ইকবালকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত ৯টার দিকে আমরা খবর পাই খেজুর বাগান এলাকার হাজী নজর আলীর বাড়ির পশ্চিম পাশে সড়কের পাশে তার লাশ পড়ে রয়েছে।” “আমরা ঘটনাস্থলে গেলে র‌্যাব আমাদের তাড়িয়ে দেয়,” অভিযোগ করেন তিনি। ঘটনাস্থল থেকে র‌্যাব মটর সাইকেল উদ্ধার করেছে বলে র‌্যাবের এই বক্তব্য ধরে গাফফার বলেন, “কিন্তু ইকবালের কোনো মোটর সাইকেল নেই।” নিহতের পরিবারের অভিযোগ অস্বীকার করে র‌্যাব-১ এর কর্মকর্তা মেজর আহসানুল কবীর বলেন, “নিহতের পরিবারের সদস্যরা ওইসব কথা বলে র‌্যাবের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।” তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালের ১১ মে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে খেজুরবাগান এলাকায় খুন হয় সাইফুল ইসলাম। ওই হত্যা মামলার প্রধান আসামি ইকবাল। “ওই মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে বাদিকে হুমকি দিতে থাকে ইকবাল। প্রায় রাতেই বাদির বাড়ির সামনে গুলি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করত ইকবাল,” বলেন র‌্যাব কর্মকর্তা। তিনি জানান, মামলার বাদি জয়নাল আবেদীন বিষয়টি র‌্যাবকে জানিয়েছিলেন। “এক পর্যায়ে বুধবার রাত পৌনে ১১টার দিকে র‌্যাব খেজুর বাগান এলাকায় উপস্থিত হলে দুই মোটর সাইকেলে আসা ইকবাল ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়,” বলেন মেজর আহসান। তিনি বলেন, “উভয় পক্ষের গুলি বিনিময়ের মাঝখানে পড়ে ইকবাল নিহত হয়।” তবে ইকবালের সহযোগী মোজা ও আক্তার পালিয়ে যায় বলে জানায় র‌্যাব। এদিকে মহর আলী, আব্দুল মান্নানসহ স্থানীয় বেশ কজন জানান, তাদের ওই এলাকায় রাতে কোনো গুলির শব্দ শোনেননি। তারা আরো জানান, ওই স্থানে একজনের লাশ পড়ে রয়েছে শুনে দেখতে যান তারা। ময়নাতদন্তের জন্য লাশটি আশুলিয়া থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২২৩৫ ঘ.