ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদ শেষের এক বছর আগে মন্ত্রিসভা সম্প্রসারণের ব্যাখ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ছোট আকারের দিকটিই তুলে ধরেছেন।
“আমাদের ক্যাবিনেট তো ছোট, একটু রিশাফল করলাম, এলাকাবাসীও খুশি হবে,” নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল শেখ হাসিনা সাংবাদিকদের এই কথা বলেন।
বঙ্গভবনে বৃহস্পতিবার নতুন পাঁচ মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সরকার প্রধান শেখ হাসিনা ছিলেন। সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভার পরিবর্তন নিয়মিত কাজ বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার সরকারে নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সংসদের হুইপ মুজিবুল হক এবং সাবেক দুই কূটনীতিক এ এইচ মাহমুদ আলী ও মোস্তফা ফারুখ মোহাম্মদ।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন রাজশাহীর সংসদ সদস্য ফারুক চৌধুরী এবং ঝিনাইদহের সংসদ সদস্য আব্দুল হাই।
এর মধ্যে কেবল মহীউদ্দীন আলমগীর আওয়ামী লীগের গত সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাকি ছয়জনই নতুন।
৫০ সদস্যের বর্তমান মন্ত্রিসভায় নতুন সাতজনের কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে- জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, “রোববার থেকে অফিস। তার আগেই হবে।”
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এবং মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও প্রস্তাব দেওয়া হয়েছিল।
কিন্তু ব্যক্তিগত কারণে মন্ত্রী হতে অনীহা প্রকাশ করেন তোফায়েল। অন্যদিকে মেননের দল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সরকারে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তোফায়েল ও মেননের মন্ত্রী হতে রাজি না হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে শেখ হাসিনা বলেন, “আমার প্রতিক্রিয়া নেই। সাতজন করার কথা ছিল, সাতজন করেছি।”
তোফায়েল ও মেনন মন্ত্রী না হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাদের স্থানে আসেন মাহমুদ আলী ও মোস্তফা ফারুখ।
মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করে তোফায়েল আহমেদ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন কি না- জানতে চাইলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “আমি তো পার্টি প্রেসিডেন্ট। আমি তো তাকে ফোন করিনি।”
“ক্যাবিনেট থেকে ফোন করা হয়েছিল। আর ক্যাবিনেট থেকে তো অনেককেই ফোন করা হয়েছে,” যোগ করেন তিনি।
জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ২০০৯ সালে নতুনদের নিয়ে ৩২ সদস্যের একটি মন্ত্রিসভা গড়ে পথচলা শুরু করে শেখ হাসিনার সরকার। এরপর এনিয়ে চতুর্থবার মন্ত্রিসভার কলেবর বাড়ল।
আগামীতে মন্ত্রিসভার আরো সম্প্রসারণ হবে কি না- জানতে চাইলে শেখ হাসিনা হাসতে হাসতে বলেন, “সব বলা যাবে না।”
“সরকার গতিশীল। সরকার ঠিকভাবেই কাজ করছে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮২৫ ঘ.
bdnews24