ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চার উপসচিব এবং দুইজন অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়।
উপসচিবদের মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব ড. আশফাকুল ইসলাম বাবুলকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মন্ত্রীর নতুন একান্ত সচিব হয়েছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব মুহম্মদ ইব্রাহিম।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ‘দেশের গুরুত্বপূর্ণ সদর উপজেলা বা স্থানে ৭৬টি ফায়ার স্টেশন স্থাপন প্রকল্পে’র প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োজিত উপসচিব আহসান হাবিব তালুকদারকে জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদের একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়।
ওএসডি উপসচিব আবুল হোসেনকে সিলেট বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘মাল্টি সেক্টরাল প্রোগ্রাম অন ভায়োলেন্স এগেইনস্ট উইমেন-তৃতীয় পর্যায়’ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছিল। ওই আদেশটি বাতিল করা হয়েছে।
এছাড়া ওএসডি জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শফিউল আরিফকে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং ফরিদপুরের চরভদ্রাসনের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুর রশিদকে নড়াইলের এডিসি নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮০০ ঘ.
bdnews24