২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী হচ্ছেন মোস্তফা ফারুখ-মাহমুদ আলী

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ‘না’ বলার পর নতুন দুজনকে মন্ত্রী হওয়ার আমন্ত্রণ জানিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 08:06 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ‘না’ বলার পর নতুন দুজনকে মন্ত্রী হওয়ার আমন্ত্রণ জানিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনাজপুরের সাংসদ এ এইচ মাহমুদ আলী ও যশোরের মোস্তফা ফারুখ মোহাম্মদকে মন্ত্রী হিসাবে শপথ নিতে বলা হয়েছে। সরকারের মেয়াদ আর এক বছর বাকি থাকতে বুধবার রাতে সরকারের পক্ষ থেকে মন্ত্রিসভায় যোগ দেয়ার জন্য তোফায়েল আহমেদ, মহীউদ্দীন খান আলমগীর, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও মুজিবুল হককে আমন্ত্রণ জানানো হয়। প্রতিমন্ত্রী হওয়ার আমন্ত্রণ পান ওমর ফারুক চৌধুরী ও আব্দুল হাই। সে অনুযায়ী বিকাল ৩টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানেরও প্রস্তুতি নেয়া হয়। সচিব জানান, মেনন ও তোফায়েলের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয় যে, তারা শপথ নিতে যাবেন না। এই পরিপ্রেক্ষিতে নতুন দুজনকে শপথ নিতে বলা হয়। দিনাজপুর-৪ আসনের সাংসদ এ এইচ মাহমুদ আলী পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। আর যশোর-২ আসনের সাংসদ মোস্তফা ফারুখ মোহাম্মদ আছেন যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসাবে। তারা দুজনেই ১৯৬০ এর দশকে সরকারি চাকরিতে যোগ দেন এবং ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো সংসদে আসেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আহত হয়েছিলেন মাহমুদ আলী, যিনি ১৯৯০ এর ডিসেম্বরে অতিরিক্ত পররাষ্ট্র সচিব থাকাকালে সহকর্মীদের নিয়ে এইচ এম এরশাদ সরকারের পদত্যাগ দাবিতে রাজপথে নেমেছিলেন। যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে ২০০১ সালে অবসরে যান মাহমুদ আলী। এর আগে জার্মানি ও ভুটানেও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করা মোস্তফা ফারুখ ভারত, রাশিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৪০১ ঘ.