ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশুলিয়ার খেঁজুর বাগানে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।
নিহতের নাম মো. ইকবাল (২৭)। তার বিরুদ্ধে হত্যা মামলা থাকার কথা বলছে র্যাব।
র্যাব-১ এর অধিনায়ক রাশিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধরার রাত সাড়ে ১১টার দিকে র্যাবের একটি দল ওই এলাকায় টহল দেয়ার সময় সন্দেহ হওয়ায় একটি মোটর সাইকেলকে থামার সংকেত দেয়।
“কিন্তু আরোহী মোটর সাইকেল না থামিয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে মোটর সাইকেল আরোহী নিহত হয়। পরে জানা যায়, নিহতের নামে ইবকাল। সে আশুলিয়ার সাইফুল হত্যা মামলার প্রধান আসামি।”
রাশিদুল ইসলাম জানান, র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও সাতটি গুলি এবং মোটর সাইকেলটি উদ্ধার করেছে। আশুলিয়া পুলিশ লাশ থানায় নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০৯০২ ঘ.
bdnews24