লালমনিরহাট, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতীবান্ধায় খবর সংগ্রহে যাওয়া একদল সাংবাদিককে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সিংগীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা সভাপতি সারওয়ার হায়াত খান এ হামলা চালান বলে সাংবাদিকরা জানান।
হামলার শিকার বৈশাখী টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন বলেন, স্কুলের সহকারী শিক্ষিকা মাসুদা আক্তার কল্পনাকে বেশ কিছুদিন আগে সাময়িক বরখাস্ত করেন জেলা শিক্ষা কর্মকর্তা। ঘটনাটি নিয়ে তদন্তের জন্য বুধবার একটি সরকারি প্রতিনিধি স্কুলে যায়।
বিকালে পাঁচ সাংবাদিক বিষয়টি জানতে স্কুল প্রাঙ্গণে যান। এ সময় সেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের দেখে সারওয়ার স্কুলঘর থেকে বেরিয়ে এসে তাদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন বলে দাবি করেন সাংবাদিক লিটন।
“আমি এর প্রতিবাদ করলে সারওয়ার নিজেকে স্কুলের সভাপতি দাবি করে আমার ওপর হামলে পড়েন এবং পকেট থেকে আইডি কার্ড ছিনিয়ে নিয়ে মারধর শুরু করেন,” যোগ করেন লিটন।
তিনি জানান, এ সময় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও বণিক বার্তার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, মানবকণ্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, করতোয়ার হাতীবান্ধা প্রতিনিধি কাজী আলতাফ হোসেন ও মায়াবাজার প্রতিনিধি নুরুল হক এগিয়ে এলে শত শত মানুষের সামনে তাদেরকে মারধর করেন ওই আওয়ামী লীগ নেতা।
পরে স্থানীয় লোকজন সাংবাদিকদের উদ্ধার করেন। এ নিয়ে রাতে হাতিবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকরা বৈঠক ডেকেছেন বলে জানান মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য সচিব আসাদুজ্জামান সাজু।
তিনি জানান, সারওয়ার নিজেকে স্কুলের সভাপতি বলে দাবি করলেও আসলে তিনি স্কুল পরিচালনা কমিটির কোনো পদে নেই। স্কুল পরিচালনা কমিটির সভাপতি হচ্ছেন সিংগীমারী ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মনোয়ার হোসেন।
ঘটনাস্থলে থাকা থ্যাংধাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকসেদুল ইসলাম মিঠু এবং চর হলদিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হঠাৎ করেই সরওয়ার সাংবাদিকদের উপর হামলা চালান। এতে উপস্থিত সকলেই হতবাক হয়ে যায়।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, সাংবাদিকদের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানার জন্য সন্ধ্যায় একাধিকবার মুঠোফোনে সারওয়ার হায়াত খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই ফোন কেটে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুরের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০০ ঘ.
bdnews24