চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মা ও মেয়ে হত্যা মামলায় গ্রেপ্তার দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
বুধবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. মোস্তাকিনুর রহমান প্রত্যেককে তিনদিন করে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আদেশ দেন।
এর আগে পুলিশ এ মামলার আসামি তোহরা বেগম ও তার ছেলে হুমায়ুনকে আদালতে হাজির করে সাতদিন রিমান্ডের আবেদন করে।
গত ৩১ অগাস্ট সৌদি প্রবাসী নাসিরুল আলমের স্ত্রী নাসিমা বেগম ও শিশু কন্যা মিরা আক্তারের (৪) ক্ষত-বিক্ষত লাশ উপর-রাজারামপুর কুমারপাড়ার নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নাসিমার মা রাজিয়া খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ওইদিনই নিহত নাসিমার জা তোহরা বেগম ও তার ছেলে হুমায়নকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর সাংবাদিকদের বলেন, পুলিশ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিন দিন মঞ্জুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24