গাজীপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত।
এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাভোগ করতে হবে।
একই মামলায় আলামত নষ্টের অপরাধে পৃথক একটি ধারায় প্রত্যেককে আরো সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দুই সাজা একসঙ্গে চলবে বলে রায়ের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।
অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জাকির হোসেন বুধবার দুপুরে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- গাজীপুর পৌরসভার পূর্ব ভুরুলিয়ার হাজী সাহাজ উদ্দিনের ছেলে হুমায়ূন কবির (২৮) ও একই এলাকার কফিল উদ্দিনের ছেলে মো. নুরুজ্জামান (৩৫)।
আদালত পরিদর্শক মো. আমির হোসেন মামলার বরাত দিয়ে জানান, এলাকার মো. বজলুর রহমানের ছেলে মো. কাজল (২০) ২০০৯ সালের ১১ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হন। দুই দিন পর প্রতিবেশী বন্দর আলীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের মা ফরিদা বেগম বাদী হয়ে হুমায়ূন কবির ও নুরুজ্জামানকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০৫ ঘ.
bdnews24