২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল ছাড়া পদ্মা সেতু, ইঙ্গিত প্রধানমন্ত্রীর

বিকল্প অর্থের সংস্থান না হলে শুধু গাড়ি পারাপারের জন্য সেতু হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা। সে ক্ষেত্রে প্রকল্প থেকে বাদ যাবে রেল সংযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি অর্থের সংস্থান না হলে রেললাইন বাদ দিয়ে শুধু গাড়ি পারাপারের ব্যবস্থা রেখে পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের কারণে জটিলতায় পড়া পদ্মা প্রকল্প নিয়ে বুধবার সংসদে সরকারদলীয় সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলকের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। শেখ হাসিনা বলেন, “যে ভাবেই হোক, পদ্মা সেতু নির্মাণ করা হবে। পদ্মা সেতুর কাজ একেবারে থেমেও নেই।” বিশ্ব ব্যাংকসহ কয়েকটি সংস্থার অর্থায়নে ২৯১ কোটি ডলার ব্যয়ে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা ছিল। দ্বিতল এই সেতুর নকশায় রেল ও গাড়ি দুটোই পারাপারের ব্যবস্থা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, “আমরা অত্যাধুনিক কিছু করতে চেয়েছিলাম। আমরা প্রথমে ডাবল ডেকার সেতু করতে চেয়েছিলাম। নিচে রেল যাবে, আর ওপরে গাড়ি।” “আরেকটা অল্টারনেটিভ প্ল্যান আমাদের কাছে আছে, যাতে শুধু গাড়ি চলবে। এতে খরচ অনেক কম হবে। যদি বিকল্প অর্থের সুবিধা না হয়, তবে আমরা অল্টারনেটিভটি বেছে নেব।” শুধু গাড়ি চলার জন্য পদ্মা সেতু নির্মাণে সেতু বিভাগ কাজ চালিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমি সেতু বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা সব প্রস্তুতি নিচ্ছে।” গত ২৯ জুন বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিলের পর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির ঘোষণা দেয় সরকার। তবে বিশ্ব ব্যাংকে ফেরাতেও বিভিন্নমুখী তৎপরতা চলছে। এর বাইরে পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়ার একটি প্রস্তাবও সরকারের কাছে রয়েছে। প্রধানমন্ত্রী স্বীকার করেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করায় এই নির্মাণ কাজ কিছুটা হলেও পিছিয়েছে। জুনায়েদের সম্পূরক প্রশ্নের আগে চয়ন ইসলামের মূল প্রশ্নের জবাবে শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের ঋণচুক্তি বাতিল করাকে ‘যুক্তিযুক্ত ও ন্যায়সঙ্গত হয়নি’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, “বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নকারী উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রধান সমন্বয়ক হওয়ায় টেন্ডার প্রক্রিয়ার বিভিন্ন পর্যায় বিশ্ব ব্যাংকের সম্মতির জন্য প্রেরণ করা হয়েছে। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক ঋণ বাতিল করলেও দুর্নীতি দমন কমিশনের তদন্তে মূল সেতুর টেন্ডার প্রক্রিয়ায় তা প্রমাণিত হয়নি।” দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক গত সেপ্টেম্বরে তাদের ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করে। এরপর সরকারকে কয়েকটি শর্ত দেওয়া হয়। সেগুলো পূরণ হয়নি জানিয়ে ঋণচুক্তি বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি। বিশ্ব ব্যাংক ঋণচুক্তি বাতিলের পর বিকল্প উৎস হিসাবে গত ১০ এপ্রিল পদ্মা সেতু ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণে মালয়েশিয়া সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে সরকার। মালয়েশিয়া সরকার গত ২৭ অগাস্ট কনসেশন চুক্তির খসড়া সরকারকে দিয়েছে, যা যাচাই করা হচ্ছে। সরকার প্রধান বলেন, “যে প্রস্তাব গ্রহণযোগ্য, ব্যয় সাশ্রয়ী ও দ্রুত হবে সেটাই গ্রহণ করা হবে।” প্রকল্পের সকল পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ঋণ চুক্তিতে বিশ্ব ব্যাংকের সুপারিশ অনুযায়ী মসিউর রহমানকে ইন্টেগ্রিটি অ্যাডভাইজর নিয়োগ করা হয় বলেও জানান তিনি। পদ্মা প্রকল্পে দুর্নীতি নিয়ে অভিযোগের মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ এবং সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূইয়া ছুটিতে যাওয়ার পর মসিউরের পদত্যাগের দাবিও উঠেছে। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক, এডিবি, জাইকা এবং আইডিবির সঙ্গে ২ দশমিক ৩৫৫ বিলিয়ন মার্কিন ডলার স্বাক্ষরিত ঋণচুক্তির বিপরীতে এখন পর্যন্ত কোনো অর্থ ছাড় করা হয়নি। তবে প্রকল্পটির প্রাক সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়ন কাজে এডিবি’র সঙ্গে ২০০৭ এবং ২০০৯ সালে স্বাক্ষরিত ২৭ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের দুটি কারিগরি ঋণচুক্তির অর্থ থেকে ২৬ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার ছাড় ও ব্যবহার হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, এছাড়া বিশ্ব ব্যাংকের সঙ্গে প্রস্তুতিমূলক কাজ সম্পাদনে ২০০৮ সালে স্বাক্ষরিত ৩০ লাখ ডলার ঋণচুক্তির বিপরীতে ১৭ লাখ ডলার ছাড় ও ব্যবহৃত হয়েছে। পদ্মা সেতুর জন্য মূল ঠিকাদার নিয়োগের প্রক্রিয়ায়ও সংসদে তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, “পদ্মা সেতুর মূল ঠিকাদার নিয়োগে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকিউরমেন্ট বিশেষজ্ঞরা বিশ্ব ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ডিজাইন পরামর্শক প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত দরপত্র মূল্যায়ন কমিটির মূল্যায়ন সম্পন্ন করে। পরে ২০১০ সালের ১৮ জুলাই মূল্যায়ন প্রতিবেদন বিশ্ব ব্যাংকের সম্মতির জন্য প্রেরণ করা হয়। “একই বছরের ২৩ সেপ্টেম্বর বিশ্ব ব্যাংক চিঠি দিয়ে নতুন করে প্রি-কোয়ালিফিকেশন শুরুর সুপারিশ করে। সে অনুযায়ী পুনরায় প্রি-কোয়ালিফিকেশন টেন্ডার আহ্বান করা হলে প্রি-কোয়ালিফিকেশন মূল্যায়ন প্রতিবেদনের ওপর গত বছরের ১ জুলাই বিশ্ব ব্যাংক সম্মতি দিলেও বিড ডকুমেন্টের ওপর সম্মতি না দেওয়ায় প্রি-কোয়ালিফাইড প্রতিষ্ঠানগুলো বরাবর বিড ডকুমেন্ট ইস্যু করা সম্ভব হয়নি।” বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে মূল্যায়ন সম্পন্ন করে নির্মাণ তদারকি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন বিশ্ব ব্যাংকের কাছে পাঠানো হলেও দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তোলার পর তাতে সম্মতি প্রদান স্থগিত রাখা হয়েছে বলে জানান শেখ হাসিনা। যোগাযোগ ব্যবস্থা স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “সরকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে অগ্রাধিকার দিয়ে নিরলস কাজ করে যাচ্ছে।” সড়ক ছাড়াও রেল যোগাযোগ উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে এ পর্যন্ত ১৭ হাজার ১৩০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৩৫টি এবং পাঁচ হাজার ৪৪৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১১টি সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় ৩৬ হাজার ২১৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১৪৯টি প্রকল্প অন্তর্ভুক্ত আছে। জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স সরকারদলীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত তিন বছর পাঁচ মাসে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ১৭ লাখ ৫৫ হাজার ৭৬৯ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে। তিনি বলেন, ২০০৯-২০১০ অর্থ বছরে সর্বপ্রথম বাংলাদেশ ১০ বিলিয়ন ডলারের মাইলস্টোন অতিক্রম করতে সক্ষম হয়। সে বছর রেমিটেন্স আয়ের পরিমাণ ছিলো ১০.৯ বিলিয়ন মার্কিন ডলার। রেমিটেন্স আয় প্রবৃদ্ধির এই ধারাবাহিকতা ২০১০-২০১১ অর্থ বছরেও দেখা যায়, যার পরিমাণ প্রায় ১১.৬ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থ বছরে রেমিটেন্স আয়ের লক্ষ্যমাত্রা ১২ বিলিয়ন মার্কিন ডলার ছিল। ইতোমধ্যে অর্জিত হয়েছে ১২.৮৪ বিলিয়ন মার্কিন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এএল/২১৩৩ ঘ.