২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনি কর্তাদের গ্রেপ্তারের ইঙ্গিত

মুদ্রা পাচারের মামলায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত থেকে জামিনের আদেশ বাতিল হওয়ায় এ ইঙ্গিত দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ফয়জুর রহমান চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন আদেশ বাতিল হওয়ায় ডেসটিনি ২০০০ এর ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ফয়জুর রহমান চৌধুরী। বুধবার দুদকের মাসিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়জুর রহমান বলেন, “গ্রেপ্তার বিচারিক প্রক্রিয়ারই অংশ। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তাদেরও গ্রেপ্তার করা হবে।” সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। এর পাঁচদিন পর কোম্পানির চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, পরিচালক মোহাম্মদ হোসেন, পরিচালক গোফরানুল হক এবং পরিচালক সাঈদ উর রহমান উচ্চ আদালত থেকে জামিন নেন। এরপর বুধবার তাদের জামিন বাতিল করে দেয় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। এ প্রসঙ্গে দুদক সচিব বলেন, “আমরা জামিনের বিরোধিতা করে আবেদন করেছিলাম, আদালত তা গ্রহণ করেছেন।” পদ্মা সেতু ও হলমার্ক প্রসঙ্গ দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরী জানান, পদ্মাসেতু প্রকল্পের সঙ্গে যুক্ত বিদেশি সংস্থাগুলোকে চিঠি দেয়া হয়েছে। এর জবাব এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত এলে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। তিনি বলেন, “এখন পর্যন্ত ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তদন্ত কাজ অনেকটা গুছিয়ে আনা হয়েছে। এখন এ প্রকল্পের সঙ্গে যুক্ত বিদেশি সংস্থাগুলোর জবাব এলে যতো দ্রুত সম্ভব চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে।” হলমার্কের অর্থ কেলেঙ্কারির তদন্ত কাজের ফল প্রকাশ করতে সময় লাগবে মন্তব্য করে ফয়জুর রহমান চৌধুরী বলেন, “হলমার্ক ইস্যুতে ৩১ জনের জবানবন্দি নেয়া হয়েছে, আরো ৩১ জনকে নোটিশ দেয়া হয়েছে। ইতোমধ্যে অনেক তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে, তবে আরো তথ্য প্রয়োজন।” “এটা একটা বিশাল জালিয়াতি। এখানে অনেকের সম্úৃক্ততা রয়েছে। তা দেখার জন্য সময়ের প্রয়োজন,” যোগ করেন তিনি। বাংলাদেশ রেলওয়ের (পূূর্বাঞ্চল) নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি প্রসঙ্গে ফয়জুর রহমান বলেন, বাংলাদেশ রেলওয়ের ২৫টি ভাগ রয়েছে। এর মধ্যে ছয়টিতে জনবল নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির আলামত পেয়েছে দুদক। তাই ছয়টি মামলার অনুমোদন দেয়া হয়েছে। গত অগাস্ট মাসে দুদক মোট ৩২টি মামলা দায়েরের অনুমোদন এবং ৩০টি অভিযোগপত্র দাখিল করেছে বলে সচিব জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/১৫৩৯ ঘ.