দিনাজপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতকড়া খুলে দিনাজপুরের বিরামপুর থানা থেকে এক আসামি পালিয়েছে।
বুধবার ভোরে পলাতক আসামি মেহের আলী (২২) বিরামপুর পৌর এলাকার ঘাটপাড়া গ্রামে ইসরাক আলীর ছেলে।
বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে মেহেরকে গ্রেপ্তার করা হয়।
হাজতে নারী আসামি থাকায় হাতকড়া পরিয়ে তাকে ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়।
“ছিপছিপে শরীরের মেহের হাতকড়া থেকে কৌশলে হাত বের করে ভোরে ডিউটি অফিসারের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।”
কর্তব্যে অবহেলার জন্য ডিউটি অফিসার এসআই আসাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪১৭ ঘ.
bdnews24