২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি রপ্তানি প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে মালয়েশীয় মন্ত্রীর বৈঠক

বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার জন্য সরেজমিনে পর্যবেক্ষণে আসা মালয়েশীয় মানবসম্পদ মন্ত্রী এস সুব্রামানিয়াম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার জন্য সরেজমিনে পর্যবেক্ষণে আসা মালয়েশীয় মানবসম্পদ মন্ত্রী এস সুব্রামানিয়াম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রীর দপ্তরে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তারা। বৈঠক শেষে তারা একসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়শীয় মন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বর্তমান সরকার বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং অভিবাসন ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে কাজ শুরু করেছে বলে মালয়েশীয় মন্ত্রীকে জানান মোশাররফ হোসেন। সম্প্রতি মালয়শিয়ায় দুই লাখ ৬৮ হাজার অনিয়মিত বাংলাদেশি কর্মীকে নিবন্ধিত করায় খন্দকার মোশাররফ সে দেশের মন্ত্রীকে ধন্যবাদ জানান। বৈঠকে উভয় মন্ত্রীই বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে তাদের কেউ সরাসরি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। দশ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা পৌঁছান ড. সুব্রামানিয়াম। তিন দিনের এই সফরে তিনি বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে কর্মী পাঠানোর প্রস্তুতি দেখবেন। এ সময় একটি সমঝোতা স্মারকও (এমওইউ) চূড়ান্ত করার কথা রয়েছে দুই দেশের কর্মকর্তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১২৫০ ঘ.