২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসককে পেটানোর পর ধর্মঘট চমেকে

এক চিকিৎসককে মারধরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে শিক্ষানবিশ চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক চিকিৎসককে মারধরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে শিক্ষানবিশ চিকিৎসকরা। মঙ্গলবার বিকালে হাসপাতালে একটি কলেজের ছাত্রদের হাতে মারধরের শিকার হন শিক্ষানবিশ চিকিৎসক মিজানুর রহমান। এরপর শিক্ষানবিশ চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন চিকিৎসক পরিষদ (আইডিএ) এক জরুরি সভায় ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। সহকর্মীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভও করে তারা। আইডিএ’র আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এক সহকর্মীকে লাঞ্ছিত করার প্রতিবাদে নিরাপত্তাসহ ৫ দফা দাবিতে আজ রাত থেকে (মঙ্গলবার) অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছি।” তবে হাসপাতালের জরুরি বিভাগে জটিল রোগীদের সেবাকাজে অংশ নেবেন বলে জানান তিনি। চমেক হাসপাতালে ৩০০ জন শিক্ষানবিশ চিকিৎসক রয়েছেন। তাদের পাঁচ দফার অন্যগুলো হল- সংবেদনশীল জরুরি ওয়ার্ডগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন, বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসারত চিকিৎসকদের নিরাপত্তা দেওয়া ইত্যাদি। বেলা আড়াইটার দিকে এস এম করিম নামে এক রোগীকে নিয়ে হাসপাতালে আসেন ইসলামিয়া ডিগ্রি কলেজের একদল ছাত্র। ওই রোগীর সেবায় অবহেলা হচ্ছে অভিযোগ তুলে বিকালে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মারধর করে ওই ছাত্ররা। লাঞ্ছিত হন চমেক ছাত্রলীগের সভাপতি সোহেল পারভেজ সুমনও। সুমনের ওপর হামলার খবরে মেডিকেল কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসে। তখন সময় সংবাদ সংগ্রহে যাওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক তাবারুল হকসহ তিন সাংবাদিককে লাঞ্ছিত করে তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসলামিয়া কলেজের ওই ছাত্ররাও ছাত্রলীগ নেতা-কর্মী। তারা চিকিৎসক মিজানকে মারধরের পর পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২২০০ ঘ.