ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথসহ তিনটি বিশ্ববিদ্যালয়ের সরকারি অর্থায়ন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর আইন সংশোধনের তিনটি বিল সংসদে পাস হয়েছে।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জগন্নাথ, কুমিল্লা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের আলাদা বিলগুলো পাসের জন্য সংসদে উত্থাপন করেন।
ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশনে তিনটি বিলই কণ্ঠভোটে পাস হয়।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রতিষ্ঠিত এই তিনটি বিশ্ববিদ্যালয়ের আইনে পাঁচ বছর পর অর্থায়নের বন্দোবস্ত নিজেদের করার বিধান ছিল। গত বছর এর বিরোধিতা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়লে আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার।
গত ২ জুলাই শিক্ষামন্ত্রী বিল তিনটি সংসদে উত্থাপন করেন। পরে এগুলো পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
২০০৫ সালে করা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭ ধারায় বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়নের পরে এর ব্যয় যোগানে সরকারের বরাদ্দ ধীরে ধীরে কমতে থাকবে এবং পঞ্চম বছর থেকে ব্যয়ের শতভাগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে বহন করতে হবে।
২০০৬ সালে প্রণীত কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইনেও একই বিধান রাখা হয়েছিল। তবে এই দুই ক্ষেত্রে সময়সীমা ছিল ১০ বছর।
সংসদে গত ২ অগাস্ট শিক্ষামন্ত্রী উত্থাপিত তিনটি বিলেই বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উৎস থেকে আয় এবং সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বরাদ্দ করা অর্থ দ্বারা বিশ্ববিদ্যালয় ব্যয় নির্বাহ করবে। তবে শর্ত থাকে যে, বিশ্ববিদ্যালয় ক্রমান্বয়ে নিজস্ব আয় বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখবে।
তবে রাশেদ খান মেনন নেতৃত্বাধীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এই শর্ত বাদ দিয়ে প্রতিবেদন চূড়ান্ত করে। ফলে সংশোধিত আইনে তা বাদ পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২৩০০ ঘ.
bdnews24