নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খানপুরে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সোমবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শুভ সাহা (২২) ওই এলাকার গোপাল সাহার ছেলে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
ঘটনায় চারদিন পর সোমবার ওই কিশোরী (১৬) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা মৌচাক মহিলা সমাজকল্যাণ সমিতির চেয়ারম্যান জাহানারা বেগম বলেন, শুক্রবার সন্ধ্যায় খানপুরের দরিদ্র শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে প্রতিবেশী শুভ সাহা মোবাইল ফোন কিনে দেয়ার লোভ দেখিয়ে তার বাড়ি নিয়ে যায়।
সেখানে মেয়েটিকে মোবাইল ফোন সেটে অশ্লীল ছবি দেখায় এবং এক পর্যায়ে ধর্ষণ করে। মেয়েটি একটি প্রিন্টিং কারখানার শ্রমিক বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্ষণের শিকার কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24