২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত পণ্য বহন, তিস্তা ব্যারেজ হুমকিতে

অতিরিক্ত পণ্যবাহী যান চলাচলের কারণে তিস্তা ব্যারেজ হুমকির মুখে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

আতিয়ার বাড্ডা নীলফামারী প্রতিনিধি নীলফামারী, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত পণ্যবাহী যান চলাচলের কারণে তিস্তা ব্যারেজ হুমকির মুখে রয়েছে। ব্যারেজের দু’পারে দু’টি ওজন পরিমাপক সেতু থাকলেও তা ব্যবহার করা হয় না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, নীলফামারী, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট ও বগুড়া জেলায় শুকনো মৌসুমে সেচ এবং বর্ষায় সম্পূরক সেচের জন্য নীলফামারীর ডালিয়ায় তিস্তা নদীতে নির্মাণ করা হয় তিস্তা ব্যারেজ। সেচের পাশাপাশি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর যাতায়াতকারী পণ্যবাহী শত শত ট্রাক প্রতিদিন তিস্তা ব্যারেজের ওপর দিয়ে পারাপার হচ্ছে। ব্যারেজের উপর দিয়ে সর্ব্বোচ্চ ২০ মেটিক টন পণ্যবাহী ট্রাক পারাপারের অনুমোদন থাকলেও তা মানা হচ্ছে না। পণ্যবাহী ট্রাকের ওজন পরিমাপের জন্য ব্যারেজের দু’ধারে দু’টি ওজন সেতু বসানো হলেও কোনো ট্রাক সেতুতে ওঠানো হয় না। এতে ট্রাকগুলো প্রতিদিন ৩০ থেকে ৩৫ মেট্রিক টন পণ্য নিয়ে অবাধে ব্যারেজের উপর দিয়ে যাতায়াত করছে। ব্যারেজের পশ্চিম পাশের সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য হামিজার রহমান (৪০) বলেন, ওজন পরিমাপক সেতুটি অনেকদিন ধরে বন্ধ রয়েছে। পণ্যবাহী ট্রাকগুলো ৩৫ টন পর্যন্ত মাল নিয়ে পারাপার করলেও সেতুতে ওঠানো হয় না। এতে ব্যারেজের ক্ষতি হচ্ছে। ডালিয়া এলাকার মোশাররফ হোসেন খন্দকার (৫৩) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যারেজের উপর দিয়ে পণ্যবাহী ট্রাক পারাপারে আইন মানা হচ্ছে না। ট্রাকগুলো ৩০/৩৫ টন পণ্য নিয়ে অবাধে চলাচল করছে। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাকগুলোর জরিমানা করা হয়। এরপর আবার আগের অবস্থায় ফিরে আসে। দেখার কেউ নেই। এভাবে ট্রাক চললে ব্যারেজ ধ্বংস হয়ে যাবে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাঈন উদ্দীন মন্ডল বলেছেন, এভাবে ট্রাক চলাচল করায় ব্যারেজের আয়ু কমে যাচ্ছে। ব্যারেজের পূর্ব প্রান্তে রয়েছে পুলিশ ফাঁড়ি, রয়েছে আনসার। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ব্যারেজকে বাঁচাতে হলে যান চলাচলের উপর কঠোর নিয়ন্ত্রণ রাখতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩৫ ঘ.