ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংকের ঋণে অনিয়ম নিয়ে আলোচিত হলমার্ক গ্রুপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জনতা হাউজিং পরিবেশ রক্ষা ফোরাম।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি অলিজা হাসান বলেন, সাভারের হেমায়েতপুরে-সিঙ্গাইর সড়ক এলাকায় জনতা হাউজিংয়ের জমি দখল করেছে হলমার্ক।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৩০ বছর ধরে ব্যবসা করে আসা জনতা হাউজিংয়ের ওই এলাকায় বিভিন্ন ধরনের ২ হাজার ১৮৪টি প্লট রয়েছে।
“ইদানিং হলমার্ক অনেক প্লট জোর করে দখল করে নিচ্ছে। প্রতি রাতে তারা প্লট মালিকদের দেওয়া সীমানা প্রাচীর বা নির্মিত বাড়িঘর ভেঙে দখল করে যাচ্ছে,” বলেন অলিজা।
সোনালী ব্যাংকের কাছ থেকে অনিয়মের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা নিয়ে সমালোচনার মধ্যে রয়েছে হলমার্ক গ্রুপ। দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্ত করছে। এই অনিয়মে জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশও দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংকে যে সব জমি বন্ধক রেখেছে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়েছে জনতা হাউজিং পরিবেশ রক্ষা ফোরাম। পাশাপাশি এতে জনতা হাউজিংয়ের জমিও রয়েছে দাবি করে সেগুলো তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮৩০ ঘ.
bdnews24