২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকি: একুশে টিভির চেয়ারম্যানের জামিন

আয়কর ফাঁকির মামলায় জামিন পেয়েছেন একুশে টেলিভিশনের পরিচালক ও চেয়ারম্যান আবদুস সালাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় জামিন পেয়েছেন একুশে টেলিভিশনের পরিচালক ও চেয়ারম্যান আবদুস সালাম। মঙ্গলবার সকালে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে সালাম জামিন চান। শুনানি শেষে বিচারক মো. জহুরুল হক ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। গত ১২ অগাস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার মো. বজলুর রহমান মামলাটি দায়ের করেন। ওইদিনই মামলাটি আমলে নিয়ে বিচারক আবদুস সালামকে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) আদালতে হাজির হতে নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০৬-০৭ এবং ২০০৮-০৯ করবর্ষে ১৭ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ১৫৭ টাকার আয় গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন আবদুস সালাম। এর আগে এনবিআরের উপ কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল গত ২০ মার্চ একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম এবং ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলমের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ওই মামলায় গত ২৫ মার্চ তারা ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসর্মপণ করে জামিন নেন। মামলায় বলা হয়, আসামিরা ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানের আয়কর বিবরণী দাখিল করেননি। এ বিষয়ে তাদের নোটিশ দেওয়া হলেও তারা পালন করেননি। গত ৭ জুন এ মামলায় অভিযোগ গঠন করে আসামিদের বিচার শুরুর নির্দেশ দেন বিচারক। কিন্তু মামলাটি বর্তমানে হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৬১৯ ঘ.