ভোলা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানব বন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ছাত্ররা স্কুল ক্যাম্পাস থেকে একটি মৌন মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরের সামনের রাস্তায় জড়ো হয়।
সেখানে তারা মুখে কালো ব্যাজ বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ছাত্রদের সঙ্গে শিক্ষকরাও যোগ দেন।
এছাড়া সোমবার থেকে শুরু হওয়া শিক্ষকদের ক্লাস বর্জন ও কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রয়েছে।
রোববার বিকালে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এক স্কুল শিক্ষকসহ তিন শিক্ষার্থীকে আটকের ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এক পর্যায়ে স্কুল ক্যাম্পাসে ঢুকে ছাত্র-শিক্ষকদের ওপর এলোপাথারি লাঠিচার্জ করে পুলিশ। এতে ১০ শিক্ষকসহ অন্তত ৫০জন আহত হয়।
জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, “আজ বিকেলে ডিসি অফিসে স্কুলের ছাত্র শিক্ষকদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক হবে।”
এরপর বিষয়টি সুরাহা করা হবে এবং আগামীকাল থেকে স্কুলে ক্লাস চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪১০ ঘ.
bdnews24