ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের সমাবেশ, বিবৃতি ও সংবাদ প্রকাশকে অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে এটিএন বাংলার চেয়ারম্যান যে মামলা করেছেন, তা প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সাংবাদিকদের সংগঠনগুলো।
একইসঙ্গে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এক সাংবাদিক নেতা। মাহফুজুর রহমানের হয়ে আদালতে দাঁড়ানোয় সাংবাদিকদের তোপের মুখে পড়েছেন ব্যারিস্টার রফিক উল হকও।
বিভিন্ন দাবিতে মঙ্গলবার প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “ব্যরিস্টার রফিককে আমরা শ্রদ্ধা করতাম, কিন্তু তিনি খুনির টাকায় বিক্রি হয়ে স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।
“সাংবাদিক সমাজ এর ধিক্কার জানায়। তাকেও মাহফুজের মতো সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে। নতুবা সাংবাদিক সমাজ তার মুখোশ উন্মোচন করবে।”
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী ব্যারিস্টার রফিককে উদ্দেশ্য করে বলেন, “স্বৈরাচারী এরশাদের আমলে আপনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। স্বৈরাচারকে রক্ষা করতে পারেননি, খুনিদেরও রক্ষা পারবেন না।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যার বিচার দাবিতে আমরা সাত মাস ধরে আন্দোলন করছি, কিন্তু বিচার পাচ্ছি না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, খুনি না দেখে সাংবাদিকরা ঘরে ফিরবে না।”
‘খুনিরা’ আস্কারা পেয়ে এখন আদালতে যাচ্ছে- এমন মন্তব্য করে মাহাফুজুর রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, “উনি ঘোষণা দিয়েছিলেন সাংবাদিকদের সহযোগিতা করার। কিন্তু প্রতারক-লম্পট কখনো ভালো হয় না।”
সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা র্যাবের উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, “আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে ২৬ সেপ্টেম্বর প্রেসক্লাবের সামনে সমাবেশ থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে।”
“প্রয়োজনে এক দিনের জন্য সংবাদপত্র বন্ধ এবং টিভি চ্যানেলগুলোতে প্রাইম টাইমে ব্লাক আউট করা হবে,” বলেন তিনি।
ব্যারিস্টার রফিক উল হকের উদ্দেশে সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ওমর ফারুক বলেন, “আপনি খুনিদের পক্ষ নিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
প্রবীণ এই আইনজীবীকে কোনো টক শোতে আমন্ত্রণ না জানানোর জন্য টিভি চ্যানেলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বলেন, “এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।”
“মাহফুজুর রহমান সাংবাদিকদের বাক স্বাধীনতা হরণের চেষ্টা করেছিলেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে এটিএন বাংলা ও এটিএন নিউজ চ্যানেল দুটি চিরতরে বন্ধ করে দেয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হবে।”
সাংবাদিক দম্পতির খুনি গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সংগঠনগুলোর ডাকা সমাবেশ, বিবৃতি ও সংবাদ প্রকাশ কেন অবৈধ হবে না, সেই আদেশ চেয়ে সোমবার আদালতে মামলা করেন মাহফুজ। একইসঙ্গে সমাবেশে নিষেধাজ্ঞা চেয়ে তিনি একটি আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়।
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
এই হত্যাকাণ্ডের তদন্ত চলাকালে লন্ডনে এক অনুষ্ঠানে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে আন্দোলনরত সাংবাদিক সংগঠনগুলোর ক্ষোভের মুখে পড়েন মাহফুজুর।
সাংবাদিকদের ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে একটি কর্মসূচিতে মাহফুজুরকে গ্রেপ্তারের দাবি তোলা হলে তা নিয়ে এটিএন বাংলার কয়েকজন সাংবাদিকের সঙ্গে সাংবাদিক নেতাদের ধস্তাধস্তিও হয়।
এর জের ধরে সাংবাদিক সংগঠনগুলো এটিএন বাংলার কয়েকজনকে বহিষ্কার করে। ওই ঘটনার কয়েকমাস পর সোমবার আদালতে যান মাহফুজ।
মাহফুজের পক্ষে আদালতে মামলা পরিচালনাকারী ব্যারিস্টার রফিক উল হককে উদ্দেশ্য করে শাবান মাহমুদ বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি দুই নেত্রীকে কারাগারে পাঠানোর চেষ্টা করেছিলেন। তাদের গ্রেপ্তারের পর তিনিই আবার তাদের পক্ষে মামলা লড়ে পকেট ভারী করেন।”
ব্যারিস্টার রফিককে সামাজিকভাবে বর্জনের জন্য বিএনপি, আওয়ামী লীগ ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান এই সাংবাদিক নেতা।
এছাড়া আগামী ১৬ সেপ্টেম্বর ভোর থেকে এটিএন বাংলা ও এটিএন নিউজ কার্যালয় অবরোধের ঘোষণাও দেন তিনি।
বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, “আমার মনে হয়, এটিএন বাংলা ও এটিএন নিউজের ভেতর থেকেই কেউ এ দুটি চ্যানেল বন্ধ করার চক্রান্ত করছে।”
‘চক্রান্তকারীদের’ চিহ্নিত করার জন্য এই চ্যানেল দুটির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
মামলা করার জন্য মাহফুজুর রহমানকে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার আহ্বান জানিয়ে বুলবুল বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে দায়ের করা মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে সাংবাদিক সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।”
একইসঙ্গে আইনজীবী ও সাংবাদিকদের মুখোমুখি দাঁড় না করানোর জন্যও আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলে চাকরিচ্যুত সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ, কর্মক্ষেত্রে সাংবাদিক নির্যাতন বন্ধ, ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা, সাগর-রুনিসহ নিহত সব সাংবাদিক হত্যার বিচার, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা প্রদান এবং মুক্ত স্বাধীন গণমাধ্যমের দাবিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের অংশগ্রহণে এই সমাবেশ হয়ে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর পরিচালনায় এ সমাবেশে বিএফইউজের একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, অন্য অংশের সভাপতি রুহুল আমিন গাজী, ডিইউজের অন্য অংশের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইনও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/কেটি/এমএমআর/এএইচ/জেকে/১৫২৬ ঘ.
bdnews24