জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষেদের বিভাগভিত্তিক আবেদনপত্রের মূল্য ৫০টাকা কমিয়ে ১৫০টাকায় নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পাঁচটি অনুষদ ও দুইটি ইনস্টিটিউটের ফরমের নতুন মূল্য বহাল রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভা শেষে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
সভায় উপাচার্য টেলিটক মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন কার্যক্রমেরও উদ্বোধন করেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এবার পাঁচটি অনুষদে আবেদনপত্রের মূল্য ৩৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০০টাকা, দুটি ইনস্টিটিউটে ২৫টাকা বাড়িয়ে ৩০০ টাকা এবং কলা ও মানবিকী অনুষদে প্রতিটি বিভাগে আবেদনপত্রের দাম ২০০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করে ‘প্রগতিশীল ছাত্রজোট’ ও ‘সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদ’ ।
আবেদনপত্রের দাম কমানো প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের খেটে খাওয়া মানুষের কথা বিবেচনায় নিয়ে মূল্য কমানো হয়েছে।”
অন্যান্য অনুষদের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি প্রসঙ্গে উপাচার্য বলেন, “এতো কমানো তো সম্ভব নয়।”
এদিকে কলা ও মানবিকী অনুষেদের আবেদনপত্রের মূল্য ৫০টাকা কমানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে প্রগতিশীল ছাত্রজোট।
আবেদনপত্রের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সকাল সোয়া ১০টা থেকে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করে তারা।
দুপুর ২টার দিকে উপাচার্য অবরোধস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তবে কোনো সমঝোতা ছাড়াই উপাচার্য ফিরে যান।
অবরোধ কর্মসূচি শেষে ছাত্রজোট মিছিল করে বিশ্ববিদ্যালয় বটতলা গিয়ে সমাবেশ করে।
ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সম্পাদক জাহিদুল ইসলাম জিন্নাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আমরা কর্মসূচি অব্যাহত রেখেছি।”
বিডিনিউজ টোয়েনিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৬১২ ঘ.
bdnews24