২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জয়ী হলে অভিনন্দন, হারলে দোয়া’

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিশেষ কোনো প্রার্থীকে সমর্থন না দেওয়ার অভিমত ব্যক্ত করে এ কথা বলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিশেষ কোনো প্রার্থীকে সমর্থন দেবেন না জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বুধবার এক বিবৃতিতে এ কথা জাননো হয়। এদিকে, এক বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি ভেঙে দেওয়ার কথা জানানো হয়েছে। বিবৃতিতে এরশাদ বলেন, “আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমার সংগঠনের যারাই নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা সবাই আমার লোক। যিনি বিজয়ী হয়ে আসবেন- তাকেই আমি অভিনন্দন জানাবো এবং যিনি হারবেন তাকে দোয়া করবো। রংপুরের জনগণ সবাই আমার আপন।” এ ছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীর বাছাই প্রক্রিয়ায় নারায়ণগঞ্জ-৩ আসনে অনন্যা হোসাইন মৌসুমীকে সম্ভাব্য প্রার্থী হিসাবে মনোনিত করার কথাও জানানো হয় বিবৃতিতে। গত ১ জুলাই রংপুরকে দেশের দশম সিটি কর্পোরেশন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী, প্রজ্ঞাপন জারির ১৮০ দিনের মধ্যে নতুন এ সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজন করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি জানান, বুধবার পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ রংপুর জেলা ও মহানগর কমিটি ভেঙে দিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত দলটির চেয়ারম্যান কমিটি দু’টির দায়িত্ব পালন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এএল/১৭০৭ ঘ.