চাঁদপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই নেতাকে বহিষ্কারের খবরে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে তাদের অনুসারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া ও ইকবাল-বিন-বাশারকে দল থেকে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে তাদের অনুসারীরা সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।
এ সময় তারা শহরের বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। জে এম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনের ফটকেও হামলা হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
হামলা ও ভাঙচুরের খবর পেয়ে জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরাও দলীয় কার্যালয়ের আশপাশে অবস্থান নেন। সন্ধ্যার পর থেকে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ায় মধ্যে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি মমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংগঠন বিরোধী কার্যকলাপ, দলীয় কর্মকা-ে সহযোগিতা না করার অভিযোগে সোমবার কেন্দ্রীয় কমিটি জেলা বিএনপির দুই নেতা শফিকুর এবং ইকবালকে দল থেকে বহিষ্কার করে।
একই কারণে জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, কাজী গোলাম মোস্তফা, যুগ্ম-সম্পাদক মনির চৌধুরী, রাফিউস সাহাদাত ওয়াসিম ও বিশেষ সম্পাদক শাহনেওয়াজ খানকে সতর্ক করে দেওয়া হয়।
শফিকুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পৌর চেয়ারম্যান ছিলেন। ইকবাল-বিন-বাশার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরেই চাঁদপুর জেলা বিএনপির দুটি পক্ষের অনুসারীরা আলাদাভাবে দলীয় কর্মকা- পরিচালনা করে আসছিলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বহি®কৃত নেতাদের অনুসারীরা দলীয় কার্যালয়ের ২০টি চেয়ার, টেবিল, একটি রঙিন টিভি ভাঙচুর করে। এ সময় দলীয় ব্যানারসহ বিভিন্ন আসবাবপত্রও তছনছ করা হয়।
এদিকে শফিকুর রহমান ভূঁইয়া দলীয় কার্যালয়ে হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ অভিহিত করে বলেছেন, এর সঙ্গে তার কর্মী-সমর্থকদের কোন সম্পর্ক নেই। হামলা ও ভাঙচুরের জন্য তিনি ‘আওয়ামী এজেন্টদের’ দায়ী করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৪০ ঘ.
bdnews24