২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবির হয়রানির প্রতিবাদে সভা বেনাপোলে

পণ্য খালাসে বিজিবির হয়রানি এবং ট্রাক থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে সভা করেছে বেনাপোল বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

বেনাপোল, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্য খালাসে বিজিবির হয়রানি এবং ট্রাক থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে সভা করেছে বেনাপোল বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠন। সোমবার দুপুরে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ যৌথ সভায় বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, ঝিকরগাছা-বেনাপোল ট্রাক মালিক সমিতি, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এবং বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। ঝিকরগাছা-বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ- সভাপতি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক সপ্তাহের মধ্যে বিজিবির হয়রানি বন্ধ এবং মানিকগঞ্জের পাথুলী এলাকায় ট্রাক থেকে জোর করে চাঁদা আদায় বন্ধ না হলে আগামী মাস থেকে লাগাতার ধর্মঘটে যাবে পাঁচটি সংগঠন। তিনি বলেন, সভা থেকে আগামী ১২ সেপ্টেম্বর সরকারঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের ডাকা ধর্মঘটে সমর্থন দেয়া হয়েছে। বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক মহসিন মিলন, নাসির উদ্দিন, ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি কামাল উদ্দিন, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম লাল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫১ ঘ.