২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলে ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর

আগামী ২৩ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে। ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে ১৮ সেপ্টেম্বর থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জটিলতার অবসান ঘটার পর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২৩ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে বলে অধিদপ্তরের পরিচালক শাহ আবদুল লতিফ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে ১৮ সেপ্টেম্বর থেকে। ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। এ বছর আগের নিয়মে অর্থাৎ, পরীক্ষার মাধ্যমে মেডিকেল ও ডেন্টালে ভর্তি হচ্ছে। হাই কোর্ট সকালেই পুরনো পদ্ধতিতে পরীক্ষা নিয়ে মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করতে সরকারকে নির্দেশ দেয়। এর পরই ভর্তি পরীক্ষার তারিখ জানাল স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে। এ বছর ভর্তি পরীক্ষা না নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। গত ১২ অগাস্ট স্বাস্থ্যমন্ত্রী এই সিদ্ধান্ত জানানোর পর ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করে। এর মধ্যে ভর্তি পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এক আইনজীবী রিট আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে সোমবার সকালে পুরনো পদ্ধতির পক্ষে আদেশ হয়। এর আগে গত ২ সেপ্টেম্বর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সাংবাদিকদের জানান, আদালত থেকে মামলাটি তুলে নেওয়া হলে সরকার এবার প্রচলিত, অর্থাৎ আগের পদ্ধতিতেই ভর্তি প্রক্রিয়া শুরু করবে। তা না হলে শিক্ষার্থী ভর্তি করা হবে আদালতের নির্দেশনা অনুযায়ী। কাজ এগিয়ে রাখার লক্ষ্যে শিগগিরই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খন্দকার মো. সিফায়েতউল্লাহ রোববারই জানিয়েছেন, মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা নিতে মঙ্গলবারের মধ্যে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/১৯৫৫ ঘ. ভর্তি বিজ্ঞপ্তি দেখুন