ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে ছাদ থেকে পড়ে পোশাক কারখানার এক কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে এলিফ্যান্ট রোডের টিউলিপ গার্মেন্টে এ ঘটনা ঘটে।
নিহত মাইনুল ইসলাম (২২) পোশাক কারখানাটির কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়।
টিউলিপ গার্মেন্টের সহকারী কোয়ালিটি ম্যানেজার জাহাঙ্গীর আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সাংবাদিকদের জানান, দুপুরে সবাই পঞ্চম তলায় দুপুরের খাওয়া খাচ্ছিলেন। হঠাৎ ছাদ থেকে কেউ নিচে পড়ে যাওয়ার শব্দ পাওয়া যায়। এরপর অন্য শ্রমিকরা মাইনুলকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“ধারণা করা হচ্ছে মাইনুল আত্মহত্যা করেছে।”
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাইনুলের মৃতদেহ মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬১৬ ঘ.
bdnews24