২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হলমার্ককাণ্ডে সোনালী পর্ষদের দায় নেই’

হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সরাসরি দায়ী নয় বলেই মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 08:07 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সরাসরি দায়ী নয় বলেই মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। সোমবার মতিঝিলে এফবিসিসিআই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এ কে আজাদ এক প্রশ্নের জবাবে বলেন, “সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি। হলমার্ক সম্পর্কিত কোনো কিছু পরিচালনা পর্ষদে ওঠেনি।” “তাই আমরা সরাসরি পরিচালনা পর্ষদকে দায়ী করছি না। সরাসরি পরিচালকদের ব্যর্থতা দেখছি না। ব্যবস্থাপনা পরিচালক এবং এর নিচের পর্যায়ের কর্মকর্তারা এতে জড়িত”, বলেন আজাদ। তারপরও তদন্তে তাদের অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। এফবিসিসিআই সভাপতি বলেন, যে অসাধু ব্যাবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা এই অর্থ কেলেঙ্কারিতে জড়িত, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। স¤প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় বলা হয়, কতিপয় কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ছয়টি প্রতিষ্ঠান তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলেছে, যার মধ্যে হলমার্ক গ্রুপ একাই তুলে নিয়েছে দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি। ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের অন্তত ২০ জন কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওএসডি করা হয়েছে দুই উপ ব্যবস্থাপনা পরিচালককে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তদন্তও শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ারও সুপারিশ করলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর বিরোধিতা করেন। এই কেলেঙ্কারির পর ব্যাপক সমালোচনার মধ্যেই সরকার ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামকে অনির্দিষ্টকালের জন্য পুনর্নিয়োগ দিয়েছে। ‘অর্থ আত্মসাতের’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একে আজাদ বলেন, “ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ ব্যবস্থা হুমকির সম্মুখীন হয়েছে। এ অব্যবস্থাপনার কারণে প্রকৃত শিল্প ঋণগ্রহীতা ও ব্যবসায়ীদের ক্ষেত্রে ঋণগ্রহণ সঙ্কুচিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা সার্বিক উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।” তিনি অভিযোগ করেন, ব্যাংকগুলো ‘স্থানীয় স্বীকৃত বিল’ পরিশোধে অস্বীকৃতি জানানোয় ব্যবসায়ীদের প্রায় ৩ হাজার কোটি টাকার মূলধন আটকা পড়ে আছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে ‘সরকারের হস্তক্ষেপ’ বন্ধের দাবি জানিয়ে আজাদ বলেন, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিবর্তে বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের একক নিয়ন্ত্রণে ন্যস্ত করতে হবে। “দেশের আর্থিক ব্যবস্থা সৃশৃঙ্খল করার স্বার্থে সরকার ও বাংলাদেশ ব্যাংকের দায়-দায়িত্বও যথাযথভাবে পালন নিশ্চিত করতে হবে।” হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দের দাবি জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, “ব্যাংক হিসাব জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয়কর নথি বিচার-বিশ্লেষণ করে সব তথ্য প্রকাশ করতে হবে। সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৪০৪ ঘ.