ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর পুরনো পদ্ধতিতে পরীক্ষা নিয়েই মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
ভর্তি পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এক আইনজীবীর করা সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
গত ২৭ অগাস্ট ইউনুস আলী আকন্দ নামের এক আইনজীবীর দায়ের করা ওই সম্পূরক আবেদনে বিভক্ত আদেশ দেয় হাই কোর্টের একটি বেঞ্চ। তবে একই বিষয়ে দায়ের করা আরেকটি রিট আবেদনে একটি রুল জারি করে হাই কোর্ট। জিপিএর ভিত্তিতে ভর্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।
বিভক্ত আদেশের প্রেক্ষিতে প্রধান বিচারপতি আবেদনটি নিস্পত্তির জন্য বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে পাঠান।
রোববার তৃতীয় বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন আদালতকে বলেন, “সরকার এ বছর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামী বছর থেকে জিপিএ এর ভিত্তিতে ভর্তি করা হবে।”
রিটকারী ইউনুস আলী আকন্দ এ দিন আদালতে হাজির না থাকায় সোমবার আবার শুনানির দিন রাখেন বিচারক।
সোমবার এ বিষয়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারী ইউনুস আলীও উপস্থিত ছিলেন।
আদালতে ইউনুস আলী আকন্দ বলেন, “আমার আবেদন মঞ্জুর করলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আর মঞ্জুর না করলে অনেকে ক্ষতিগ্রস্ত হবে। যাদের প্রতিকারের কোনো ব্যবস্থাও থাকবে না।”
অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “অন্তর্বর্তীকালীন এই আদেশ দেওয়া হলে রুল চূড়ান্ত হয়ে যাবে। এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। তাই এ ধরনের আদেশ দেওয়া উচিত হবে না। এর পরিবর্তে মূল রুল শুনানি করে ফেলা যেতে পারে। আমরা রুল শুনানি করতে প্রস্তুত।”
আদালতে আদেশে বলে, “আবেদনটি যদি আমরা অনুমোদন না করি এবং পরে আদালত যদি রুলটির পক্ষে রায় দেয়, তাহলে যারা ভর্তি হতে পারত, তারা পুনরায় ভর্তি হতে পারবে না। এটা পুনরায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে।
আর আবেদনটি মঞ্জুর করলে এতে রুল চূড়ান্ত হয়ে যাবে- এমন দাবির কোনো সারবত্তা নেই। তাই অবিলম্বে আগের নিয়মে ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করতে বিবাদীদের নির্দেশনা দেওয়া হচ্ছে।”
গত ১২ অগাস্ট এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানান, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এর প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করে।
গত ২ সেপ্টেম্বর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী রুহুল হক সাংবাদিকদের জানান, আদালত থেকে মামলাটি তুলে নেওয়া হলে সরকার এবার প্রচলিত, অর্থাৎ আগের পদ্ধতিতেই ভর্তি প্রক্রিয়া শুরু করবে। তা না হলে শিক্ষার্থী ভর্তি করা হবে আদালতের নির্দেশনা অনুযায়ী।
কাজ এগিয়ে রাখার লক্ষ্যে শিগগিরই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খন্দকার মো. সিফায়েতউল্লাহ রোববারই জানিয়েছেন, মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা নিতে মঙ্গলবারের মধ্যে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩০৫ ঘ.
bdnews24