ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী শনিবার থেকে ক্লাস শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি।
এদিকে ক্লাসে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকালে বসছেন শিক্ষক সমিতির নেতারা।
বুয়েটের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মুমিনুল হক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ডিনস কমিটির বৈঠক হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। শনিবার ক্লাস শুরুর লক্ষ্যে আমরা একটি অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত করেছি। এটা কাল উপাচার্যকে দেয়া হবে। উপাচার্য অনুমোদন করলে তা রেজিস্ট্রারের কাছে যাবে এবং তিনি তা সার্কুলার আকারে প্রকাশ করবেন।”
আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের দেওয়া আশ্বাস অনুযায়ী, সরকার রোববার বুয়েটের উপউপাচার্যকে অব্যাহতি দিয়ে পরিপত্র জারি করে। এরপর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আশা প্রকাশ করেন, শিক্ষক-শিক্ষার্থীরা এবার ক্লাসে ফিরবে।
শিক্ষামন্ত্রীর আশ্বাস অনুযায়ী আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে করা দুটি মামলাও প্রত্যাহার করেছে বুয়েট কর্তৃপক্ষ। এ মামলা দুটি নিষ্পত্তির জন্য রোববার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে শাহবাগ থানা পুলিশ।
সরকারের এসব পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরাও।
আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থী যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী সুদীপ্ত সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষকরা চাইলে শনিবার নয় আজকেই আমরা ক্লাসে ফিরতে প্রস্তুত। শিক্ষামন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের যে সব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হওয়ায় আমরা আশ্বস্ত হয়েছি। তাই ক্লাসে ফিরতে আমাদের আর কোনো বাধা নেই।”
বিকালে বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্লাসে ফেরার বিষয়ে আমরা এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। বিকাল সাড়ে ৩টায় সমিতির নির্বাহী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”
অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য ও উপউপাচার্য অপসারণের দাবিতে গত এপ্রিল থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন বুয়েট শিক্ষকরা। পরে শিক্ষার্থীরাও সেই আন্দোলনে যোগ দেয়।
আন্দোলনের মুখে জুলাইয়ে ঈদের ছুটি ঘোষণা করে ক্যাম্পাস বন্ধ করে দেন উপাচার্য। ঈদের ছুটির পর গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও ক্লাস-পরীক্ষা এখনো বন্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১২৩০ ঘ.
bdnews24