কুমিল্লা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত মনে করে মামলা দায়ের এবং কথিত লাশ উদ্ধারের পর বাড়ি ফিরেছেন কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের নিখোঁজ রিকশাচালক চাঁন বাদশা।
সিলেট ভ্রমণ শেষে দুই বন্ধুসহ রোববার বাদশা বাড়ি ফিরে এসেছেন।
গত সোমবার থেকে চাঁন বাদশা (২২) নিখোঁজ ছিলেন। শনিবার বিকালে স্থানীয় আলগীর বিলে পাওয়া একটি লাশ তার মনে করে উদ্ধার করা হয়।
তাকে খুনের অভিযোগে বাদশার বাবা সোলেমান মিয়া বাদী হয়ে মেঘনা থানায় তার দুই বন্ধুর নামে হত্যা মামলাও দায়ের করেন।
ফিরে আসার পর চাঁন বাদশা পুলিশকে বলেন, “আমরা তিন বন্ধু সিলেটে বেড়াতে গিয়েছিলাম। তখন মোবাইল চুরি হয়ে যায়। বেড়ানো শেষে রোববার বিকালে তিন বন্ধুই বাড়ি ফিরে এসেছি।”
মেঘনা থানার ওসি মো. নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁন পাশের গ্রামের আরিফ ও জুয়েল নামের দুই বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন বন্ধুদের বাড়ি গিয়ে জানা যায় তারাও ফেরেননি।
ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে চাঁনের বাবা সোলেমান মিয়া পরদিন দুই বন্ধুর নামে মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার বিকালে আলগীর বিল থেকে পুলিশ একটি অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরিবারের লোকজন হাতের আংটি ও গালের তিল দেখে লাশটি চাঁনের বলে সনাক্ত করেন।
রোববার দুপুরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্ল¬া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পরে মেঘনা থানায় সোলেমান মিয়া চাঁনের দুই বন্ধু আরিফ ও জুয়েলকে প্রধান আসামি করে ১০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
চাঁন বাদশা বাড়ি ফিরে আসার পর বাবা-মা-স্ত্রী-স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৫০ ঘ.
bdnews24