২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই মামলায় ফের গ্রেপ্তার আসামি মুক্ত

সাজা ভোগের পরও একই মামলায় আবার পুলিশের হাতে গ্রেপ্তার রশিদ আহমদ মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাজা ভোগের পরও একই মামলায় আবার পুলিশের হাতে গ্রেপ্তার রশিদ আহমদ মুক্তি পেয়েছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারারক্ষক সর্বোত্তম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালতের নির্দেশে মুক্তি দেওয়া হয় রশিদকে। বাঁশখালী উপজেলার ইলশা গ্রামের আহমদ মিয়ার ছেলে রশিদ আহমদ (৪০) একটি ডাকাতির মামলায় সাজা ভোগ শেষে গত বছরের ২৮ নভেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। তারপরও গত ৪ সেপ্টেম্বর সকালে একই মামলায় বাঁশখালী থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পরদিন কারাগারে পাঠায়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারাধ্যক্ষ ছগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বৃহস্পতিবার কারাগারের অভ্যন্তরে নিয়মিত পরিদর্শনের সময় রশিদ আমাকে বিষয়টি জানায়।” ছগির মিয়া বিষয়টি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং জেলা মুখ্য বিচারিক হাকিমকে জানালে আদালতের নির্দেশ আসে। কারাধ্যক্ষ বলেন, “পুলিশ বিষয়টি নিয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারত। যোগাযোগ করলে এ ধরনের সমস্যা তৈরি হত না।” এই বিষয়ে বাঁশখালী থানার ওসি আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি তার সাজার ভোগের পক্ষে হয়ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে এমনটি হয়েছে। এমনও হতে পারে সাজার আগে তার পরোয়ানা জারি হয়েছিল।” ১৯৯৫ সালের বাঁশখালী থানার একটি ডাকাতির মামলায় ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ১০ বছরের সাজা ভোগ করেন রশিদ আহমদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/২১১৫ ঘ.