রাজবাড়ী, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রকে ধমক দেওয়ায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে মারধর করেছেন ওই ছাত্রের মা।
রোববার দুপুরে এ ঘটনার প্রতিবাদ এবং লাঞ্ছনাকারীর বিচার দাবিতে ছাত্ররা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। তারা একটি অটোরিকশা ভাংচুরও করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আহমেদ বলেন, তার সহকর্মী সহকারী শিক্ষক রেজাউল করিম শনিবার ৯ম শ্রেণির ক শাখায় ছাত্রদের ২য় সাময়িক পরীক্ষার খাতা দেখাচ্ছিলেন।
এ সময় আফনান ইমতিয়াজ সিয়াম তার পাশে বসা সহপাঠীর খাতা দেখতে চায়। ওই সহপাঠী তাকে খাতা না দেখাতে চাওয়ায় সিয়াম খাতাটি জোর করে নিয়ে ছিঁড়ে ফেলে।
এ সময় শিক্ষক রেজাউল করিম তাকে ধমক দেন।
এরপর ক্লাস শেষে শিক্ষক চলে যাবার সময় সিয়াম শিক্ষকের উদ্দেশে কটূক্তি করলে রেজাউল করিম তাকে ধমক দিয়ে ভাল হয়ে চলার পরামর্শ দেন।
শামীম আহমেদ আরো বলেন, এর জের ধরে রোববার দুুপুরে সিয়ামের মা আসমা বেগম ক্লাস চলাকালে বিদ্যালয়ে এসে রেজাউল করিমকে ডেকে মারধর করেন।
আসমা বেগম শহরের ডা. আব্দুল গফুরের স্ত্রী।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আজিজা খানম বলেন, “এটি খুব অপমানজনক ঘটনা। অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। অবশ্যই এর একটা সুরাহা হওয়া দরকার।”
তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, আপাতত ওই ছাত্রকে স্কুল থেকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৬ ঘ.
bdnews24