২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ভর্তি: আবেদনপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনপত্রের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি তৃতীয় দিনও অব্যাহত ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনপত্রের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি তৃতীয় দিনও অব্যাহত ছিল। সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে রোববারও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ ব্যাপারে সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনমিয় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন। আবেদনপত্রের বর্ধিত মূল্য প্রত্যাহার সম্পর্কিত প্রশ্নের জবাব না দিয়ে বক্তব্য শেষ করলে শিক্ষার্থীরা হইচই শুরু করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন। ভর্তি পরীক্ষার ফরমের মূল্য বৃদ্ধির বিষয়ে উপাচার্য মতবিনিময় সভায় বলেন, ফরমের মূল্য কিছুটা বাড়ানো হলেও প্রকৃতপক্ষে ভর্তিচ্ছুদের মোট খরচ কমে আসবে। এছাড়া অনলাইনে আবেদন করার পদ্ধতি চালু হওয়ায় ভর্তিচ্ছুদের ভোগান্তি নিরসন হবে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। লোক প্রশাসন বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাবি না মানলে অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত রয়েছে শিক্ষার্থীরা। ছাত্র ইউনিয়নের জাবি সভাপতি সৌমিত চন্দ জয়দ্বীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি আদায়ে বাধ্য করা হবে। এবার পাঁচটি অনুষদে আবেদনপত্রের মূল্য ৩৩০ টাকা থেকে ৭০ টাকা বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে। দুইটি ইনস্টিটিউটে ২৫ টাকা বাড়িয়ে করা হয় ৩০০ টাকা। তবে কলা ও মানবিকী অনুষদে বাড়ানো হয়েছে বিভাগ হিসেবে। এখানে প্রতিটি বিভাগের ফরমের দাম রাখা হয়েছে ২০০ টাকা। এর আগে এ বিশ্ববিদ্যালয়ে ফরম বিক্রি করা হতো অনুষদ ওয়ারি। একটি ফরম কিনলে অনুষদের সব বিভাগে আবেদন করা যেত। এবার কলা ও মানবিকী অনুষদে বিভাগ পৃথক করা হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৬ ঘ.